স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : সামাজিক অবক্ষয়ের নির্মম চিত্র, শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত শ্বশুরের নাম সুকুমার দাস। শুক্রবার গ্রামবাসীর বিচারের আগে গৃহবধূর স্বামী অর্থাৎ অভিযুক্তের ছেলে প্রদীপ দাসের মৃতদেহ উদ্ধার। ঘটনা নতুন বাজার থানাধীন যতন বাড়ি বাজার টিলা এলাকায়। অভিযোগ, ৭৫ বছর ঊর্ধ্ব এক শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করে। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর চরম মানসিক আঘাত ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে অভিযুক্তের ছেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তের গলায় জুতো এবং ঝাড়ুর মালা দিয়ে এবং মুখে কালি মেখে বাজার ঘুরিয়ে খুটির সঙ্গে বেঁধে রাখে। পরে পচা ডিম নিক্ষেপ করে বিক্ষোভ দেখায় মহিলারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্যাতিতা গৃহবধূ অত্যন্ত সহজ-সরল স্বভাবের ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বশুর-শাশুড়ির পক্ষ থেকে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় বলে
এলাকাবাসীর একটাই দাবি—দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস আর কেউ না পায়। এই মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। যে সম্পর্কে শ্রদ্ধা, নিরাপত্তা ও বিশ্বাস থাকার কথা, সেই পারিবারিক সম্পর্কের ভেতরেই যদি নারীর মর্যাদা ও নিরাপত্তা ভেঙে পড়ে, তবে তা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা, আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। কান্নায় ভেঙে পড়ে গৃহবধূ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

