স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই :রাজ্যের গ্রাম পাহাড় সমতল সর্বত্র রাস্তার বেহাল অবস্থা। প্রতিবাদে প্রতিদিন সড়ক অবরোধে শামিল হচ্ছে জনগণ।
ব্যতিক্রম নয় গন্ডাছড়া মহকুমার অন্তর্গত নিউ ভগীরথ কলোনির সংযোগ সড়কটিও। বেহাল দশায় পরিণত হয়ে আছে গত বছর খানিক ধরে। অ্যাম্বুলেন্স দিয়ে রোগী নিয়ে যাওয়ার মত অবস্থা নেই রাস্তাটির। এলাকাবাসী নিরুপায় হয়ে রাস্তাটি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ভোর থেকেই গন্ডাছড়া-আমবাসা প্রধান সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ চলে তাদের অবরোধ।
অভিযোগ, প্রায় এক বছর আগে গ্রামোন্নয়ন দপ্তর রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেও এরপর আর কোনো কাজ এগোয়নি। বহুবার স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের অবগত করা হলেও রাস্তার কাজ হচ্ছে না। ফলে বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটেও চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী এদিন সকাল ছয়টা থেকে গন্ডাছড়া-আমবাসা প্রধান সড়কে অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডুম্বুর নগর আর.ডি ব্লকের বিডিও এবং গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন সংশ্লিষ্ট আধিকারিকরা। সেই আশ্বাসের ভিত্তিতেই অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এদিকে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা সদর বাজারের সাপ্তাহিক হাটবার হওয়ায় সকাল থেকেই সড়কটিতে যানবাহনের চাপ ছিল বেশি। অবরোধের জেরে রাস্তার দু’পাশে ছোট-বড় অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

