স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৫ আগস্ট: স্বামীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের
উপর দীর্ঘদিনের অত্যাচারের জেরে এবার ক্ষোভের বিস্ফোরণ ঘটল বিশালগড় থানার অন্তর্গত
ভূঁইয়ার মাথা এলাকায়! শ্বশুর-শাশুড়ি তো বটেই, শেষ পর্যন্ত এলাকার নারী সমাজ একজোট হয়ে
উত্তম-মধ্যম দিল অভিযুক্ত এক গৃহবধূকে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই গৃহবধূর
নাম ঝোটন দাস। স্বামী কমল দাস। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে তিনি শ্বশুর, শাশুড়ি
এবং স্বামীর ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
কখনো
বসতঘরের ভেতর প্রবীণ শ্বশুর-শাশুড়ির ওপর অতর্কিত আক্রমণ, আবার কখনো মিথ্যে মামলায় ফাঁসানোর
হুমকি—তার এই একের পর এক কাণ্ডে অতিষ্ঠ হয়ে
উঠেছিলেন আশেপাশের সাধারণ মানুষ। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও উশৃঙ্খল আচরণের জেরে
অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে প্রতিবেশীদের। ক্ষুব্ধ স্থানীয় মহিলারা একত্রিত হয়ে ওই গৃহবধূকে
গণপিটুনি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভূঁইয়ার মাথা এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত
শুরু করেছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান