স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুলাই : চলতি বছর সবকিছু ঠিকঠাক থাকলে দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু, রাজ্যের শহর থেকে গ্রাম এবং পাহাড় সর্বত্র রাস্তার বেহাল দশা। প্রতিদিন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে আমজনতা। কিন্তু নিদ্রা ভাঙছে না ডাবল ইঞ্জিনের। শুধুমাত্র আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়েই বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে। সোমবার সকাল থেকে সালেমা ব্লকের রাখালতলী–জয়ন্তী বাজার সড়কের বেহাল দশাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান নিশিকান্ত দেবনাথের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলে সড়ক অবরোধে সামিল হয় লাল দেবেন্দ্র পাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাখালতলী থেকে জয়ন্তী বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
বর্ষার সময় গর্তে জল জমে যাওয়ায় যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, বহুবার বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধান নিশিকান্ত দেবনাথের নজরে আনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস মিললেও রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের পথ বেছে নিয়েছেন অবরোধের ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করার দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, অবিলম্বে রাস্তার সংস্কার কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনে সামিল হবেন তারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শাসক দলের প্রধান সহ এলাকার বিধায়িকা, পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের বক্তব্য দীর্ঘ তিন বছর ধরে রাস্তা সংস্কারের জন্য তাল বাহানা করে আসছে। যতদিন পর্যন্ত রাস্তা মেরামত করা না তাদের আন্দোলন চলবে।
দীর্ঘ চার ঘণ্টা পরও সংশ্লিষ্ট দপ্তর এমনকি শাসক দলের স্থানীয় নেতাদের দেখা নেই, তাতে অবরোধকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের রাস্তা। জানা যায়, আগরতলা-বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুর পাড়া যাওয়ার ইটের সলিং দীর্ঘ প্রায় দেড় বছর যাবত মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই বিষয়ে স্থানীয়রা জানান দীর্ঘ দিন যাবত রাস্তাটি মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়েই সেখানকার মানুষের যাতায়াত করতে পারছে না। স্কুল, কলেজ, হাসপাতালে এবং জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর ইঞ্জিনও প্রবেশ করতে পারে না। বিশেষ করে বর্ষার মরশুমে স্থানীয়দের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় জগণন এই রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান। স্থানীয়দের আরও দাবি কয়েকবার রাস্তার মাপ-ঝুঁক করা হলেও। আজও রাস্তা মেরামত হয়নি। এখন কবে নাগাদ প্রশাসন জনগণের এই দুর্ভোগ সমাধানে পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে তাকিয়ে উক্ত এলাকার জনগণ। তবে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ উঠে আসছে।

