স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : গত চার জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে এসেছেন। ৫ জুন সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারির জন্য নির্দেশ দিয়েছেন বিএসএফ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য প্রশাসনকে। এই নির্দেশের মাত্র ৪ দিনের মধ্যেই রাজ্যে এনফোর্সমেন্ট টিমের হানা। সোমবার ভোরে রাজ্য পুলিশকে ঘুমে রেখে সোনামুড়া কাজিটিলা এলাকায় অভিযান চালায় ইডি।
মোট ১৫০ কোটি টাকার মামলা হাতে নিয়ে এই অভিযানে নামে ইডি। একসঙ্গে মাদক কিং আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। মাদক কিং আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ইডির চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কারণ বাড়িতে গিয়ে দেখে ৭০ টি সিসি ক্যামেরা লাগানো। বাড়ির গাছের ডালে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো রয়েছে। দুপুর পর্যন্ত বাড়ির মধ্যে অভিযান চালায় ইডি। খবর লেখা পর্যন্ত কোন কিছু উদ্ধার করতে না পারলেও ইডির কাছে বেশ কিছু তথ্য এসেছে। দুই অভিযুক্ত বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে। তাদের সন্ধানে এবার তল্লাশিতে নামবে ইডি। যতদূর জানা যায় তাদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের তালিকা ইতিমধ্যে ইডির হাতে এসে গেছে।

