স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে : ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে হাব তৈরি করা হচ্ছে বলে বুক ঠুকে ভাষণ দিয়ে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী বিধায়করা। অথচ, সরকারি হাসপাতাল গুলির নগ্ন পরিষেবা মানুষকে বড়সড় বেকাদায় ফেলছে প্রতিদিন। এবার চিকিৎসক ও নার্স সঙ্কটের কারনে ঊনকোটি জেলা হাসপাতালে চালু করা যাচ্ছে না আই.সি.ইউ পরিষেবা।
২০২০ সালে ৬ শয্যা বিশিষ্ট আই.সি.ইউ-রর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ঊনকোটি জেলা হাসপাতালে পৌঁছায়। কিন্তু দীর্ঘ ৬ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আইসিইউ পরিষেবা চালু করা যায় নি ঊনকোটি জেলা হাসপাতালে। ঊনকোটি জেলা হাসপাতালের এমএস জানান হাসপাতালে আইসিইউ পরিষেবা চালু করার জন্য আরও ৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার, ৫ জন স্টাফ নার্স ও ৫ জন জিডিএ স্টাফ প্রয়োজন।
এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। দপ্তর থেকে প্রয়োজনীয় চিকিৎসক, স্টাফ নার্স ও জিডিএ স্টাফ প্রদান করলে তবেই ঊনকোটি জেলা হাসপাতালে আইসিইউ পরিষেবা চালু করা সম্ভব হবে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে আইসিইউ পরিষেবা চালু না থাকায় জটিল রোগীদের অনেক ক্ষেত্রেই আগরতলা কিংবা বেসরকারি হাসপাতালে রেফার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এবং এ ধরনের পরিষেবার জন্য ঊনকোটি জেলা হাসপাতাল থেকে ভরসা হারিয়ে বহু রোগী প্রতিদিন শিলচর ছুটে যাচ্ছে। এই খবর রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সরকারের কানে আছে। কিন্তু পরিষেবার মান উন্নত করার কোন উদ্যোগ নেই।

