স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে : মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধের জন্য দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে রাজ্যবাসীর উদ্দেশ্যে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। শুক্রবার বিধানসভায় নিজ কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে কল্যাণী রায় বলেন, বর্তমান সময়ে জ্বালানি সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ, পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন জ্বালানির অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে ছোট ছোট উদ্যোগ যেমন অপ্রয়োজনীয় আলো-ফ্যান বন্ধ রাখা, গণপরিবহন ব্যবহারে উৎসাহ এবং শক্তি সাশ্রয়ী অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। রাজ্যের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আবেদন জানান মুখ্য সচেতক।
সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন অধিকাংশ সপ্তাহে মাত্র ৫ দিন কাজ হয়। অফিসে দৈনিক ৮ ঘন্টা কাজের সময়সীমা নির্ধারিত রয়েছে। যেহেতু বর্তমানে রোস্টার চালু রয়েছে তাই সকলের যেন অফিসে দৈনিক কাজের সময়সীমা বাড়ায়। তাহলে মানুষের পরিষেবাও ঠিক থাকবে। একই সঙ্গে যারা রোস্টার নিয়ে বাড়িতে থাকছে তারা কতটা সাশ্রয় করছে সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন মুখ্য সচেতক।
তিনি বলেন প্রতিদিন সকালে বাজার হাটে বেসরকারি যানবাহনের ভিড় লক্ষ্য করা যায়। সকলে যাতে ব্যক্তিগত যানবাহন ব্যবহার না করে গণ পরিবহনের দিকে গুরুত্ব দেয় এবং খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে যেন কেউ না বের হয় তার জন্য বার্তা দিলেন তিনি। উল্লেখ্য, রাজ্যে কতদিনের পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস রয়েছে, সে বিষয়ে কোনো রকম ষ্পষ্টিকরণ নেই সরকার এবং দপ্তরের। কেউ কেউ জ্বালানি তেলের সংকট তৈরি হবে বলে আতঙ্কে ভুগছে, আবার কেউ কেউ বিন্দাস ঘুরছে। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ সকলের মনে।

