স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মে :বৃহস্পতিবার নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে দীর্ঘদিনের একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে মৌন মিছিলে সামিল হলেন ছাত্র-ছাত্রীরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মহাবিদ্যালয় শাখার উদ্যোগে এদিন কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, একাধিক গুরুতর সমস্যার কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে পরীক্ষায় সন্তোষজনকভাবে অংশগ্রহণ করার পরেও ফলাফলে বারবার একই বিষয়ে “ব্যাক” দেখানো হচ্ছে।
এমনকি অনেক ক্ষেত্রে পরীক্ষায় উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে “অনুপস্থিত” দেখানো হচ্ছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এছাড়াও প্রশাসনিক সমন্বয়ের অভাব নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত পড়ুয়ারা। তাদের বক্তব্য, কোনো সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে দায় চাপানো হয় বিশ্ববিদ্যালয়ের উপর, আবার বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজ প্রশাসনের দিকে দোষারোপ করা হয়। এই দায় এড়ানোর প্রবণতার ফলে সাধারণ ছাত্র-ছাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ।
আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সময়মতো এবং সঠিকভাবে ফলাফল প্রকাশ না হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। বর্তমানে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের বহু ছাত্র-ছাত্রী বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক সমস্যার কারণে ফর্ম পূরণ করতে পারছেন না, যা তাদের শিক্ষাজীবনের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। এই সমস্ত সমস্যার প্রেক্ষিতে গত ১৪ ই মে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিল যে আগামী ১৫ দিনের মধ্যে সমস্যাগুলির সমাধান করা হবে। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা। এদিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পড়ুয়ারা মুখে কালো কাপড় বেঁধে এবং নীরবে বসে মৌন আন্দোলন প্রদর্শন করেন। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।

