স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : পশ্চিমবাংলা, আসাম, পন্ডিচেরি, এবং ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের পর বিজয় সমাবেশ সংঘটিত করলেন ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। সমাবেশের পূর্বে বিধানসভা এলাকায় দলের কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মিছিল। মিছিলে দলের কর্মী সমর্থকদের সঙ্গে বিশাল জয়ের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। র্যালিটি ধনপুর থেকে শুরু হয়ে কাঁঠালিয়া বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
পরে এক সাক্ষাতে প্রাক্তন কেন্দ্রের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু ২০২৬ সালের ৪ মে পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে। মানুষ একটা নতুন স্বাদ পেয়েছে। অনাবিল আনন্দে আনন্দিত সেই রাজ্যের মানুষ। কিন্তু গতকাল রাতের যে ঘটনা সেটা অনভিপ্রেত ছিল। তৃণমূল নিজেদের পরাজয় না মানতে পেরে এই ধরনের ঘটনাগুলো সংঘটিত করছে। তিনি অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গের তৃণমূলকে পরিচালিত করছে জামাত ইসলাম তাই মমতার হারে কষ্ট হচ্ছে পাকিস্তানের এবং জামাত ইসলামের। এতদিন পশ্চিমবঙ্গকে তৃণমূল পরিচালিত করেনি করেছিল জামাত ইসলাম আর চার তারিখে পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী দলের জয় অনাবিল আনন্দে মেতে উঠেছে সে রাজ্যের মানুষ। তিনি এও বলেন বিজেপি-র এই জয়ে প্রভাবিত হবে গোটা দেশ।

