স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : ভোটের দিন ১৯ আমতলী – গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত দয়াল পাড়া এডিসি ভিলেজ এলাকায় ভোট গ্রহণ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন সকাল থেকে ৪০ নং বুথ এলাকায় একটা টানটান পরিস্থিতি ছিল। এরই মধ্যে দুপুরের নাগাদ চরিলাম সুতারমুড়া, বংশীবাড়ি ও বাঁশতলী এলাকার থেকে কিছু বহিরাগত তিপরা মথার কর্মী ভোটকেন্দ্র এলাকায় যেতেই স্থানীয় বিজেপি কর্মীরা বাধা দেয়।
তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এরই মধ্যে একপক্ষ অপরপক্ষের উপর পাঁচ থেকে সাতটি বোমা নিক্ষেপ করে এবং ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠে। তখন সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন। তিপরা মথার কর্মীরা তখন সরাসরি অভিযোগ তোলেন বিধায়ক তফাজ্জল হোসেন বোমা নিক্ষেপ করেছেন। এর রেশ রয়ে গেছে এলাকায়। সোমবার স্থানীয় দয়াল পাড়ার ভোটাররা প্রতিবাদে সামিল হয়। এলাকার ভোটাররা পথ অবরোধ করে দাবি করেন, রবিবার ভোটের সময় এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে এলাকায় পাঁচটি বোমা নিক্ষেপ করেছেন এবং গুলি ছুড়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন দুজন। এই ঘটনার প্রতিবাদে বিচার চাইতে সড়ক অবরোধের শামিল হয়েছেন বলে জানান তারা। আরো বলেন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন স্থানীয় মন্ডলের সাধারণ সম্পাদিকা মহামায়া দেববর্মা। ঘটনার পর তারা পালিয়ে গেছেন। এখন নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামবাসী। এদিকে ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ছুটে আসলেও ভোটাররা প্রতিবাদ জারি রেখেছেন। এলাকার বিধায়ককে এর জবাব দিতে হবে বলে জানান তারা।

