Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য রাজ্যপালের ভাষণে শুরু ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন

রাজ্যপালের ভাষণে শুরু ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন

রাজ্যপালের ভাষণে শুরু ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন

আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় প্রথা মেনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়।

ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ২০২৬–২৭ অর্থবর্ষের এই বাজেট অধিবেশন আগামী ২৫ মার্চ পর্যন্ত মোট ৯ দিন চলবে। অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণের পর সদ্য প্রয়াত বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব গৃহীত হয়। এরপর দিনের বাকি কাজ মুলতবি করা হয়।

শনিবার ও রবিবার বিধানসভার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ মার্চ সোমবার অধিবেশনের পরবর্তী কার্যসূচি শুরু হবে। ওই দিন বিধানসভায় অতিরিক্ত ব্যয় বরাদ্দের (সাপ্লিমেন্টারি বাজেট) প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এর পরেই তিনি ২০২৬–২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন।

সোমবারই রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে, যা দুই দিন ধরে চলবে। ১৯ মার্চ অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পাস করা হবে। একই দিনে বিরোধী দলনেতার ভাষণের মধ্য দিয়ে বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে।

২১ ও ২২ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় অধিবেশন বন্ধ থাকবে। এরপর পুনরায় অধিবেশন শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত বাজেট নিয়ে আলোচনা চলবে। শেষ দিনে বিধানসভায় বাজেট পাস করানো হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha