স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : জমি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশের রহস্যজনক ভূমিকার অভিযোগ। স্বদলীয় কর্মীকে প্রকাশ্যে মারধর করার পরও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। তাই আক্রান্ত পরিবারের সদস্যরা ফের রামনগর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয় রবিবার। অভিযুক্ত জমি মাফিয়াদের গ্রেপ্তারের দাবি জানান। জমি মাফিয়া দের হাতে আক্রান্ত ভিকি ঘোষের পরিবারের অভিযোগ, তার বাড়ির নিকট বোনজামাই জমি ক্রয় করতে চায়। তারপর বিকাশ ঘোষ, তপন ঘোষ এবং সুধাংশু দেবনাথ সহ তার দুই ছেলে বড় অংকের টাকা দাবি করে।
কিন্তু টাকা দিতে অনিহা প্রকাশ করা ঝামেলা শুরু হয়। তারপর ভিকি এবং তার বোন জামাই বলেন, এলাকার কোন ব্যক্তির স্বার্থে তারা টাকা দিতে পারবেন না। তারা এলাকার ক্লাবের সঙ্গে কথা বলে স্থানীয় একটি মন্দিরে পূজার জন্য টাকা তুলে দেবে। কিন্তু বিষয়টি মানতে নারাজ বর্তমান বুথ সভাপতি, প্রাক্তন বুথ সভাপতি সহ অন্যান্যরা। এরই মধ্যে গত ২২ ফেব্রুয়ারি বাড়ির সামনে ভিকি যখন হাটাহাটি করছিল তখন তার উপর অতর্কিত হামলা করে রাষ্ট্রবাদী দুর্বৃত্তরা বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয় ভিকি। তারপর থানায় মামলা দায়ের করলে এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না। বুক ফুলিয়ে এলাকায় ঘোরাফেরা করছে অভিযুক্তরা। নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারের লোকজন। রবিবার রামনগর ফাঁড়ির দ্বারস্থ হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পুনরায় দাবী জানানো হয়েছে। পুলিশ যদি অবিলম্বে গ্রেপ্তার না করে তাহলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হতে বাধ্য হবে বলে জানান ভিকির কাকা। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে কি ভূমিকা গ্রহণ করে।

