স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : ফটিকরায়-গোকুলনগর ৩ নং ওয়ার্ড ও পার্শ্ববর্তী এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ফটিকরায়ের শক্তিসংঘ ক্লাব সংলগ্ন এলাকায় কৈলাশহর-কমলপুর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে এলাকার মহিলারা। এলাকাবাসী জানায় ডিডাব্লিউএস দপ্তরের কিছু আধিকারিকের কর্তব্য গাফিলতির কারণে এলাকায় জল সংকট তৈরি হয়েছে। কিছুদিন পরপরই পাম্প নষ্ট হয়ে পড়ছে।
আজব ঘটনা ১৫ দিনও যাচ্ছে না পাম্প মেরামত করে দেওয়ার পর। এবং যে জল পাম্প থেকে নির্গত হচ্ছে সেগুলি ব্যবহারের উপযোগী নয়। এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার সহ বিদ্যালয় রয়েছে। পেটের রোগ সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে মানুষের। এলাকার মানুষ আরও অভিযোগ কিছু আধিকারিকে ফোন করলে সঠিকভাবে উত্তর পাচ্ছে না, বর্তমান শুখা মরশুমে এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে সঠিকভাবে নজর দেওয়ার জন্য দাবি জানান। এদিকে খবর পেয়ে এলাকায় ছুটে যায় ফটিকরায় থানার পুলিশ ও ডি ডব্লিউ এস দপ্তরের কুমারঘাট সাব ডিভিশন অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজেশ দেবনাথ সহ অন্যান্য প্রাসনিক আধিকারিকরা। প্রশাসনিক কর্মীরা এলাকাবাসীর সঙ্গে কথা বললে কয়েক ঘন্টাপর এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। এতে রাস্তার দু’পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে।

