Monday, August 10, 2026
বাড়ি রাজ্য মিজোরাম থেকে এক জঙ্গিকে আটক করল ত্রিপুরা পুলিশ

মিজোরাম থেকে এক জঙ্গিকে আটক করল ত্রিপুরা পুলিশ

মিজোরাম থেকে এক জঙ্গিকে আটক করল ত্রিপুরা পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ডিসেম্বর : রাজ্যে জঙ্গি আনাগোনা ঘিরে আতঙ্ক বাড়ছে।

উত্তর ত্রিপুরা জেলা পুলিশের জালে একের পর এক ধরা পড়ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন টি.ইউ.এন.এফ -এর সদস্যরা। গত বৃহস্পতিবার পানিসাগর মহকুমার অন্তরর্গত দামছড়ার দমদুম এলাকা থেকে এক টি.ইউ.এন.এফ জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেপ্তারের পর ফের কয়েকদিনের মধ্যেই আবার বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসন।

এবার পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও এক সক্রিয় টি.ইউ.এন.এফ জঙ্গি সংগঠনের সদস্যকে। জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জম্পুই পাহাড়ের ভাংমুন থানার ওসি রিনপুইয়া ডারলং-এর নেতৃত্বে একটি পুলিশ দল মিজোরাম রাজ্যে অভিযান চালায়। সেই অভিযানে লালথাঙ্গা রিয়াং নামে এক টি.ইউ.এন.এফ -এর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ধৃত জঙ্গি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত আনন্দবাজার থানাধীন ভান্ডারিমা এলাকার বাসিন্দা হরিমনোহন রিয়াং-এর পুত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন টি.ইউ.এন.এফ-এর একজন সক্রিয় সদস্য। পুলিশ জানায়, ভাংমুন থানা মামলা নং ২০২৫ ভি.জি.এম ০০৭ অনুযায়ী ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)(এ), ১৪৮, ৩১০(৪) ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইনের ৪ ও ৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বুধবার রাতেই ধৃত জঙ্গিকে ভাংমুন থানা থেকে কাঞ্চনপুর থানায় স্থানান্তর করা হয়। এ কথা জানান কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক আশীষ কুমার ঠাকুর শুনুন বিস্তারিত। বৃহস্পতিবার তাকে কাঞ্চনপুর মহকুমা আদালতে সোপর্দ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha