Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যজাতীয় সড়ক নির্মাণে জলাবদ্ধতায় বিপাকে পড়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ এলাকাবাসী

জাতীয় সড়ক নির্মাণে জলাবদ্ধতায় বিপাকে পড়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর :  ধর্মনগর মহকুমার পশ্চিম ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ এবং ৩ নম্বর ওয়ার্ড দিয়ে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক ২০৮ এ–এর কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজের জন্য ফেলা অতিরিক্ত মাটির ফলে সড়কের দু’পাশের প্রায় ২০-২৫ খানি কৃষিজমি এখন জলমগ্ন হয়ে পুকুরে পরিণত হয়েছে। বর্ষার জলে জমা ওই পানির কারণে জমিতে কোনো ধরনের চাষাবাদ করা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার ফলে বহু পুকুরের মাছ ভেসে চলে গেছে এবং মূল্যবান গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে।

এতে প্রায় কুড়িটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমনকি বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে প্লাবিত হয়েছে। গত প্রায় তিন বছর ধরে এই বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ চললেও গত এক বছর ধরে মাটি ফেলে কাজ শুরু হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার এন.এইচ.আই.ডি.সি.এল স্থানীয় পঞ্চায়েত ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের প্রধান দাবি, ওই এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হোক অথবা জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জমিগুলি আবার চাষের উপযোগী হয়ে ওঠে। প্রায় ১৫ দিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের জলন্ত দাবি নিয়ে ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন। নির্মাণ সংস্থার প্রতিনিধিরা এসে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তখন অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় রবিবার সকাল সাড়ে সাতটা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য নির্মীয়মান বিকল্প জাতীয় সড়কে বাঁশ বেঁধে সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ চললেও নির্মাণ সংস্থা বা প্রশাসনের কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, দ্রুত স্থায়ী সমাধান না হলে তাঁরা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এদিকে, অবরোধের জেরে বিকল্প জাতীয় সড়কে পথচারী ও নির্মীয়মান সংস্থার যানবাহন চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য