স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর : সম্প্রতি খুমুলুঙে তিপ্রা মথা ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে ব্যাপক অশান্তি দেখা দেয়। সেই অশান্তির জেরে ভাংচুর করা হয় খুমুলুঙ তিপ্রা মথার অফিস। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বিজেপির অফিস। রবিবার খুমুলুঙ তিপ্রা মথার ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় সরজমিনে পরিদর্শনে যান তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। সাথে ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরা।
প্রদ্যোৎ কিশোর এইদিন ক্ষতিগ্রস্ত তিপ্রা মথার পার্টি অফিস ঘুরে দেখার পর আক্রান্ত তিপ্রা মথার কর্মী সমর্থকদের সাথে কথা বলেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন একজন মন্ত্রী রয়েছেন যিনি তিপ্রা মথার কর্মী সমর্থকদের উস্কিয়ে দিয়ে টাকা দিয়ে জনজাতিদের নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি এইদিন ঐ মন্ত্রীর নাম না বলে হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি জনজাতিদের মধ্যে সংঘর্ষ লাগানোর জন্য যে অর্থ নিচ্ছেন, সেই অর্থ কে দিচ্ছে তাও তিনি জানেন। তিনি যদি ঐ মন্ত্রীর নাম সকলের সামনে বলে দেন তাহলে ঐ মন্ত্রী মানুষের সামনে আর মুখ দেখাতে পারবে না। তাই জনজাতিদের নিজেদের মধ্যে সংঘর্ষ করানোর যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন তা বন্ধ করার জন্য বলেন তিপ্রা মথা সুপ্রিমো।

