স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর : ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষনা না হলেও ইতিমধ্যে ভাঙ্গন ধরেছে তিপরা মথার যুব সংগঠন ওয়াই টি এফ -এ। বুধবার আগরতলা প্রেস ক্লাবে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে ৩৯ পরিবারের ১৫৬ জন ভোটার ওয়াই টি এফ ছাড়লেন। তারা অধিকাংশই ধলাই জেলার হয়ে কাজ করেছেন এতদিন। দীর্ঘদিন প্রদ্যুৎ অনুগামী হয়ে তারা দায়িত্ব পালন করেছেন সংগঠনের জন্য।
কিন্তু শেষ পর্যন্ত ভরসা হারিয়ে এবার যোগ দিলেন আইপিএফটি দলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিমত ব্যক্ত করে বলেন, আগামী দিন এই যোগদান কারীরা আইপিএফটির হয়ে কাজ করবে। বিশেষ করে দলের সাংবিধানিক অধিকারের জন্য বিভিন্ন কর্মসূচি সংঘটিত করবে এবং নিজ নিজ এলাকায় সংগঠন মজবুত করবে। এদিন ওয়াই টি এফ নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন দীপক দেববর্মা এবং প্রবীণ নেতৃত্ব ছিলেন সুখরঞ্জন দেববর্মা।

