স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ জানুয়ারি: লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না—এই প্রশ্নের উত্তর এখনো অজানা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কথা, যত দিন মেসি খেলার মতো ফিট থাকবেন, দলে তাঁর জায়গা পাকা। মেসি নিজেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু এখনো বলেননি। আসলে মেসি আর্জেন্টিনা দলের হয়ে আর কত দিন খেলবেন, সেটাও নিশ্চিত নয়। বয়স হয়ে গেছে ৩৬ বছর। আর যে খুব বেশি দিন মেসি ফুটবল খেলবেন, তাও নয়। তা মেসি যখনই আর্জেন্টিনা দল থেকে অবসর নিন, জাতীয় দলকে বিদায় বলে দেওয়ার পর তাঁর জার্সিটা আর কাউকে পরতে দিতে চায় না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির সঙ্গে তাঁর জার্সিকেও অবসরে পাঠানোর পরিকল্পনার কথা বলেছেন এএফএর প্রধান ক্লদিও তাপিয়া।১৯৮৬ বিশ্বকাপ ট্রফি হাতে ডিয়েগো ম্যারাডোনা। তাঁর জার্সিও অবসরে পাঠাতে চেয়েছিল এএফএএএফপি
আর্জেন্টিনার একটি পত্রিকাকে বলা তাপিয়ার কথা স্পেনের সংবাদমাধ্যম মার্কা উদ্ধৃত করেছে এভাবে, ‘মেসি যখন জাতীয় দল থেকে অবসর নেবে, আমরা তার জার্সি আর কাউকে পরতে দেব না। তাকে শ্রদ্ধা জানিয়ে এই “১০” আজীবনের জন্য অবসরে থাকবে। আমরা তার জন্য এটা করতে চাই।’১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর উদ্যোগ এএফএর এটাই প্রথম নয়। আর্জেন্টিনাকে অধিনায়ক হিসেবে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সিও অবসরে পাঠাতে চেয়েছিল তারা। ২০০২ বিশ্বকাপের আগে সেই সময়ের এএফএ প্রধান হুলিও গ্রোন্দনা এই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ফিফার নিয়মের কারণে সেই সময় তা হয়ে ওঠেনি। ফিফার টুর্নামেন্ট বা তাদের আয়োজনে যেকোনো ম্যাচে দলগুলোর খেলোয়াড়দের ১ থেকে ২৩ নম্বর জার্সি পরার কথা বলা আছে নিয়মে।
২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিটি পরেছিলেন আরিয়েল ওর্তেগা। তবে মেসি আসার আগে ম্যারাডোনার ১০ নম্বর জার্সির ভার সেভাবে বইতে পারেননি ওর্তেগা বা অন্য কেউ। ম্যারাডোনার মতো মেসিও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের আগে ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ সালে লা ফিনালিসিমা জিতেছেন আর্জেন্টিনার হয়ে ১৮০ ম্যাচ খেলে ১০৬ গোল করা মেসি।২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিশ্চিত না থাকলেও এ বছরের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন মেসি। কে জানে আর্জেন্টিনাকে আরেকটা শিরোপা জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন কি না মেসি! তাঁর বিদায়ের পর আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিটিকে এএফএ অবসরে পাঠাতে পারবে কি না, সেটাও নিশ্চিত নয়। কারণ ফিফার ১ থেকে ২৩ নম্বর জার্সি পরার আইনটা এখনো বহাল।

