স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৮ জুলাই: গত জানুয়ারি থেকে আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাস্রে খেলছেন রোনালদো। ইউরোপিয়ান ফুটবলের অধ্যায় চুকিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লিখিয়েছেন মেসি।পর্তুগালের ক্রীড়া সংবাদপত্র আ বোলাকে সোমবার রোনালদো বলেন, ইউরোপের বেশির ভাগ লিগ নিজেদের মান হারিয়ে ফেলছে। সেখানে তিনি টেনে আনেন যুক্তরাষ্ট্রের ফুটবলকেও।“ইউরোপের ফুটবলে আমার ফেরার সম্ভাবনা শেষ। আমার বয়স ৩৮ বছরের বেশি… এখন আর এটা বাস্তব নয়।”“ইউরোপিয়ান ফুটবল মান হারিয়েছে অনেক। এখনও পর্যন্ত সেরা মানের আছে কেবল ইংলিশ প্রিমিয়ার লিগ। স্প্যানিশ লিগ মান হারিয়ে ফেলেছে, পর্তুগিজ লিগ এখন আর শীর্ষ মানের নয়। জার্মান লিগও অনেকটা মান হারিয়েছে। যুক্তরাষ্ট্রের লিগ? নাহ, যুক্তরাষ্ট্রের চেয়ে সৌদি চ্যাম্পিয়নশিপ অনেক ভালো।”রোনালদোর পথ ধরে সৌদি ফুটবলের জাগরণটা অবশ্য চোখে পড়ছে গোটা ফুটবল বিশ্বেরই। তিনি আল নাস্রে যোগ দেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে সৌদি লিগ সম্প্রচার হওয়া শুরু হয়েছে। নতুন মৌসুমে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এই লিগে নাম লিখিয়েছেন করিম বেনজেমা, এনগোলো কঁতে, রবের্তো ফিরমিনো, এদুয়ার্দ মঁদিসহ আরও বেশ কজন তারকা।রোনালদো বেশ কবারই বলেছেন, উন্নতির ধারা ধরে রাখতে পারলে কয়েক বছরের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে উঠে আসবে সৌদি লিগ। এবার তিনি বললেন, দ্রুতই ইউরোপের কয়েকটি লিগকে ছাড়িয়ে যাবে সৌদি লিগ।“আমি সৌদি লিগে যোগ দেওয়ার পথ খুলে দিয়েছি, এখন সব ফুটবলার এখানে আসতে শুরু করেছে। সামনে আরও অনেক শীর্ষ মানের ফুটবলার সৌদি লিগে আসবে। এক বছরের মধ্যে তুরস্কের লিগ ও ডাচ লিগকে পেরিয়ে যাবে সৌদি লিগ।”

