Friday, November 27, 2026
বাড়ি খেলা ব্লান্ডেলের অর্ধশতরানে ৫ উইকেট হারিয়ে ২৪৬ তুলল নিউজিল্যান্ড

ব্লান্ডেলের অর্ধশতরানে ৫ উইকেট হারিয়ে ২৪৬ তুলল নিউজিল্যান্ড

ব্লান্ডেলের অর্ধশতরানে ৫ উইকেট হারিয়ে ২৪৬ তুলল নিউজিল্যান্ড



কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): ওয়েলিংটনের প্রথম টেস্টের মতো ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টেও ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিউ জিল্যান্ডের লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা। হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে ১৬ বলের ব্যবধানে বিনা রানে তিন উইকেট তুলে নিয়েও ম্যাচের রাশ আলগা করল ভারত। ৫০তম টেস্টে টম ব্লান্ডেলের অপরাজিত অর্ধশতরান এবং গ্লেন ফিলিপসের লড়াকু ব্যাটিংয়ে দিনের শেষে ৮৫ ওভারে কিউয়িদের স্কোর ২৪৬/৫। সবুজ পিচেও উইকেটশূন্য জসপ্রীত বুমরাহ!

প্রথম টেস্ট অমীমাংসিত থাকায় দুটি দলের কাছেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের অঙ্কে এই টেস্ট ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সবুজ পিচে টসে জিতে বোলিং নেন শুভমান। প্রসিদ্ধ কৃষ্ণর বদলে টেস্ট অভিষেক হয় পেসার গুরনুর ব্রারের। যাকে নিয়ে সমালোচনা হচ্ছিল সেই মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ম্যাচেও ব্রাত্য থাকলেন।

সকালে বুমরাহর প্রথম ওভারেই ডিআরএস-এ এলবিডব্লিউ থেকে বেঁচে যান টম ল্যাথাম। ১৪তম ওভারে তিনি আবার বেঁচে যান আকাশ দীপের বলে দ্বিতীয় স্লিপে যখন তাঁর ক্যাচ ফেলেন কেএল রাহুল। জীবন পেয়ে ডেভন কনওয়ের সঙ্গে ৭৭ রানের ওপেনিং জুটি গড়েন ল্যাথাম। মধ্যাহ্নভোজের আগে কনওয়ে এলবিডব্লিউ হন প্রথম টেস্ট অভিষেক হওয়া গুরনুরের বলে। কন ওয়ে ৩১ রান করেন।

বিরতির পর অর্ধশতরান পূর্ণ করেন ল্যাথাম।দলের তখন স্কোর ছিল ১১০/১। ৪২তম ওভারে ল্যাথামকে ফেরান আকাশদীপ। ১২৮ বলে ৫৯ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। কিছুক্ষণ পরেই অংশুল কম্বোজের শর্ট বলে আকাশ দীপের হাতে ক্যাচ দিয়ে ১৬ রান করে ফেরেন হেনরি নিকোলস। ৪৪তম ওভারে রাচিন রবীন্দ্রকে (০) আউট করেন আকাশ। বিনা রানে তিন উইকেট হারিয়ে ১১০/৪ হয়ে যায় নিউজিল্যান্ড; চা-বিরতিতে স্কোর ছিল ১৩১/৪।

দিনের শেষ সেশনে বুমরাহর বলে পন্থ ক্যাচ মিস করলে জীবন পান ড্যারিল মিচেল।এরপর ব্লান্ডেলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তারা। ৬৫তম ওভারে ওয়াশিংটন সুন্দরএর বলে ৩১ রান করে আউট হন মিচেল। তবে ষষ্ঠ উইকেটে অবচ্ছিন্ন ৬২ রানের জুটিতে কিছুটা স্বস্তিতে আছে নিউজিল্যান্ড। অপরাজিত আছেন টানেন ব্লান্ডেল ৫৩, ও ফিলিপস ৩৬ রানে।

ভারতের সফলতম বোলার আকাশ দীপ। তিনি ৫২ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়া গুরনুর, কম্বোজ ও সুন্দর একটি করে উইকেট নিয়েছেন। শনিবার সকালে নতুন বলে উইকেট নিতে না পারলে ভারত চাপে পড়বে।




Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha