স্যন্দন ডিজিটাল ডেস্ক ৯ অক্টোবর : ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন মার্ক চাপম্যান এবং জ্যাক ফোকস। তাঁদের পরিবর্তে দলে নেওয়া হল অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং জোরে বোলার ব্লেয়ার টিকনারকে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন চাপম্যান। চোট খুব গুরুতর না হলেও আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। কিউয়ি শিবির আশাবাদী, ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। অন্যদিকে, প্রস্তুতি শিবিরে অনুশীলনের সময় কোমরের ডান দিকের পিছনের অংশে চোট পেয়েছেন ফোকস। তাঁর চোট তুলনায় গুরুতর। কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনও জানা যায়নি। ওয়ানডে সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা কম।
দুই ক্রিকেটারের চোট নিয়ে কিছুটা চিন্তায় কিউয়ি শিবির। তবে বিকল্প ক্রিকেটারদের নিয়ে আশাবাদী কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, “চাপম্যান এবং ফোকস দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবে বলে আশা করি। ভাগ্য ভালো যে, ক্লার্কসন এবং টিকনারের মতো ক্রিকেটার রয়েছে। ওরাও আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে উত্তেজিত। মাঠে নামার জন্য মুখিয়ে থাকবে ওরা।”
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। ২২ অক্টোবর থেকে শুরু হয়ে সিরিজের ম্যাচগুলি হবে ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, অকল্যান্ড এবং হ্যামিল্টনে। টি-টোয়েন্টি সিরিজের পর দু’দেশের মধ্যে হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দু’টি টেস্ট। অর্থাৎ, এক মাসেরও বেশি সময় নিউজিল্যান্ডে ক্রিকেট খেলবে ভারতীয় দল।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথাম স্মিথ এবং ব্লেয়ার টিকনার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান