কুইন্সল্যান্ড, ২২ আগস্ট (হি.স.): টস জিতে বোলিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরান মিচেল স্টার্ক। সেই যে শুরু, এরপর সারাদিনে দুই দল মিলিয়ে হারিয়েছে ১৮ উইকেট। যার ১২টিই নিয়েছেন দুই দলের দুই বাঁহাতি পেসার স্টার্ক ও শরিফুল ইসলাম।
দুর্দান্ত বোলিংয়ে ১০ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন স্টার্ক। বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ৬৪ রানে। এরপর কোনও আশাই আর করা যায় না। কিন্তু প্রথম দিনশেষে সেই আশা কিছুটা হলেও বেঁচে আছে।
আগের ১৩ টেস্টে কখনও ৪ উইকেট না পাওয়া শরিফুল একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছেন। টেস্ট ক্রিকেটে প্রথম ৫ উইকেট পেলেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ফাইফার পেলেন। দিন শেষে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৬৫ রান করেছে, তাদের লিড এখন ১০১ রানের।
অস্ট্রেলিয়াকে অলআউট করার পথে বাংলাদেশের বড় বাধা গ্রিন। ৮১ বলে ৫১ রান করে অপরাজিত আছেন তিনি, তাঁর সঙ্গী আরেক অপরাজিত নাথান লায়ন ২৮ বলে করেছেন ১০ রান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান