Sunday, August 16, 2026
বাড়ি খেলা ডারউইন টেস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ডারউইন টেস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ডারউইন টেস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

কলকাতা,১৬ আগস্ট (হি.স.): অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল বাংলাদেশ। জয়টাও এসেছে ৯ উইকেটে। টানা ১১টি সেশন অস্ট্রেলিয়াকে ডমিনেট করে।

টেস্টের শুরুর আগে আলোচনা ছিল বাংলাদেশ এই টেস্ট তৃতীয় দিনে নিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে! টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান যেখানে এক নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান নয়ে। এমন আলোচনার মধ্যেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৯ উইকেট হারিয়ে ইতিহাস গড়ল।

ম্যাচের প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। এরপর ব্যাট হাতে ৪২৬ রান তুলে স্বাগতিকদের ওপর ২২৮ রানের বড় লিড নেয় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তানজিদ হাসান। ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। নাজমুল হোসেন শান্ত করেন ৮৪ রান।

মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৬৫ রান। মুমিনুল হক করেন ৪৯ এবং মুশফিকুর রহিম করেন ৩৬ রান।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একমাত্র বড় ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। ২০১ বলে ১০৪ রান করেন তিনি। স্টিভ স্মিথ করেন ৪৪ রান। অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩৩ ওভারে ৬৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। হাসান মাহমুদ নেন তিন উইকেট। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পথে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১৭ ওভারে ৫৫ রান দিয়ে ছয় উইকেট নেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভ স্মিথ। জেক ওয়েদারাল্ড করেন ২৩ এবং অ্যালেক্স ক্যারি করেন ১৯ রান।

৪২৬ রানে বাংলাদেশের ইনিংস শেষ হলে অস্ট্রেলিয়ার চেয়ে ২২৮ রানের লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও অস্ট্রেলিয়া বিশেষ সুবিধা করতে পারেনি। একমাত্র ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া লিড কিছুটা বাড়াতে পারলেও শেষ পর্যন্ত ২৮৪ রানেই থামে তাদের ইনিংস।

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১৪. ২ ওভারে ৫৭ রান তুলে ৯ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সাদমান ইসলাম অপরাজিত থাকেন ২৫ রানে। মুমিনুল হক অপরাজিত থাকেন ৩০ রানে।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। জশ হ্যাজলউডের বলে বোল্ড হন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষারও অবসান হলো। ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফরে এসে প্রথম টেস্টেই স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha