কলকাতা, ২৪ জুন (হি.স.) : উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে এগিয়ে গেল রবার্তো মার্তিনেসের দল পর্তুগাল।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পর্তুগিজদের গোছানো ও গতিময় ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি ফাবিও কানাভারোর শিষ্যরা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যার রেকর্ডময় জোড়া গোল পর্তুগালকে ম্যাচের শুরুতেই চালকের আসনে বসিয়ে ছিল। তাদের অন্য দুই গোলদাতা ছিলেন নুনো মেন্দস ও রাফায়েল লেয়াও।
এই জোড়া গোলে সর্বোচ্চ মঞ্চে দেশের এতদিনের সর্বোচ্চ গোলদাতা ইউসেবিওকে (৯) ছাড়িয়ে গেলেন রোনাল্ডো(১০)। গ্রেট ইউসেবিও অবশ্য ৯ গোল করেছিলেন কেবল ৬ ম্যাচে, রোনাল্ডোর লাগল ২৪ ম্যাচ।
এদিন ম্যাচে বল পজেশন রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা পর্তুগাল গোলের জন্য মোট ১৭টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে। উজবেকিস্তানের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল পর্তুগাল। একটি করে ম্যাচ খেলা কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ডিআর কঙ্গো ১ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুই ম্যাচ খেলে উজবেকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
গ্রুপের শেষ রাউন্ডে আগামী রবিবার কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। আর ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে উজবেকিস্তান।

