গোপালপুর, ২০ নভেম্বর (হি.স.): ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করল ঘূর্ণিঝড় আকভান। শক্তি হারিয়ে এটি শুক্রবার সকালে স্থলভাগে ঢুকে পড়ে। এ দিন সকালের বুলেটিনে জানিয়েছে আইএমডি। আবহবিদরা জানান, ওড়িশার গোপালপুরের কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছে আকভান। পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে। ঘূর্ণিঝড় শক্তি খোয়ালেও এর জেরে শুক্র ও শনিবার পুরী-সহ ওড়িশার বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই জেলাগুলি হল ভদ্রক, কটক, গজপতি, গঞ্জাম, জগৎসিংহপুর, জাজপুর, খুরদা, কেন্দ্রাপাড়া এবং নয়াগড়। এছাড়াও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কোরাপুট এবং মালকানগিরিতেও।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের মাথার অংশটি স্থলভাগে প্রবেশ করলেও সাইক্লোন আই বেশ কিছুটা দূরে| স্থলভাগে প্রবেশ করলে গোপালপুর এবং সংলগ্ন এলাকাগুলিতে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটার হতে পারে। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পর আরও শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান