Thursday, November 19, 2026
বাড়ি জাতীয় ‘আকভান’ এল বলে! পর্যটকশূন্য পুরীর সৈকত, সরানো হল ১ লক্ষ মানুষকে

‘আকভান’ এল বলে! পর্যটকশূন্য পুরীর সৈকত, সরানো হল ১ লক্ষ মানুষকে

‘আকভান’ এল বলে! পর্যটকশূন্য পুরীর সৈকত, সরানো হল ১ লক্ষ মানুষকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২০:  ভারতীয় উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’। প্রায় পর্যটকশূন্য পুরীর সমুদ্র সৈকত। ২২ তারিখ পর্যন্ত পুরীতে পর্যটকদের না আসতে অনুরোধ করেছে প্রশাসন। ২১ তারিখ পুরীর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই পুরীতে (Puri) শুরু হয়েছে ভারী বৃষ্টি। আগে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার পূর্বাভাস থাকলেও পরে যাত্রাপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হতে পারে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওড়িশা থেকে এখনও পর্যন্ত এক লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে প্রশাসন।


আগামী ২১ নভেম্বর পর্যন্ত পুরীতে পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। বর্তমানে যাঁরা পুরীতে রয়েছেন তাঁদের হোটেলের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি, মাইকিং। সি বিচে থাকা দোকানগুলির ঝাপও বন্ধ। হোটেলগুলিও প্রায় পর্যটকশূন্য। অনেকে প্ল্যান পরিবর্তন করে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার অনেকে বাতিল করছেন ট্রেনের টিকিট, হোটেলের বুকিং। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় কতটা ধ্বংসাত্মক পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেদিকেই নজর রেখেছে প্রশাসন।


অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওড়িশার একাধিক নিচু ও বিপজ্জনক এলাকা থেকে ১ লক্ষের বেশি মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরীর গুন্ডিচা মন্দির আগামী ২১ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী রবিবার পর্যটকদের জন্য খুলবে এই মন্দিরের দরজা। অন্যদিকে, পুরীর জগন্নাথ মন্দিরেও ভক্তদের সংখ্যা খুবই কম। পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ, ওডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মীদের ছুটি। অন্যদিকে ঘূর্ণিঝড়ের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলেও।


ওড়িশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশেরে বিভিন্ন এলাকাতেও বৃষ্টি শুরু হয়েছে। একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে আকভানের দাপটে বৃষ্টি শুরু হয়েছে বাংলাতেও। শুক্রবার উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। বদলেছে একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচি।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha