Wednesday, October 28, 2026
বাড়ি জাতীয় বেসরকারি অর্থলগ্নি সংস্থার ঋণের চাপ, লাতুরে আত্মঘাতী তরুণ কৃষক

বেসরকারি অর্থলগ্নি সংস্থার ঋণের চাপ, লাতুরে আত্মঘাতী তরুণ কৃষক

বেসরকারি অর্থলগ্নি সংস্থার ঋণের চাপ, লাতুরে আত্মঘাতী তরুণ কৃষক

লাতুর (মহারাষ্ট্র), ২৮ অক্টোবর (হি.স.): বেসরকারি অর্থলগ্নি সংস্থার পাহাড়প্রমাণ ঋণের বোঝা এবং কিস্তির জন্য ক্রমাগত মানসিক চাপের জেরে মহারাষ্ট্রের লাতুর জেলায় এক ২৮ বছর বয়সি কৃষক আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি ঘটেছে লাতুরের শিরুর অনন্তপাল তহশিলের অন্তর্ভুক্ত অঙ্কুলগা রানি গ্রামে। মৃতের নাম দত্ত সূর্যকান্ত কুম্ভার (২৮)।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নিজের জমি না থাকায় ভাগচাষ এবং দিনমজুরি করে কোনোমতে সংসার চালাতেন দত্ত সূর্যকান্ত। প্রতিকূল আবহাওয়া ও আর্থিক দুরবস্থার কারণে পরিবার টানতে একাধিক বেসরকারি মাইক্রোফাইন্যান্স সংস্থা ও আর্থিক অ্যাপ থেকে ঋণ নিয়েছিলেন তিনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর ঋণের পরিমাণ ছিল আনুমানিক ৬.২ লক্ষ টাকা। সম্প্রতি ঋণ শোধ করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির তরফে লাগাতার তাগাদা ও মানসিক চাপ দেওয়া হচ্ছিল বলে পরিবারের অভিযোগ।


এরপর নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি চরম পথ বেছে নেন। দেহ উদ্ধারের সময় তাঁর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সেই চিঠিতে ঋণ নেওয়া সংস্থাগুলির নাম উল্লেখ করে তীব্র আর্থিক সংকটের কারণে ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানিয়ে গিয়েছেন তিনি। মৃত যুবকের পরিবারে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই নাবালক সন্তান রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং উদ্ধার হওয়া সুইসাইড নোটটির ভিত্তিতে ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha