স্যন্দন ডিজিটাল ডেস্ক ২৬ অক্টোবর : দিনদুপুরে ভয়ংকর হত্যাকাণ্ড উত্তরপ্রদেশের লখনউয়ে। পার্কিংয়ে গাড়ি রাখাকে কেন্দ্র করে সামান্য বচসার জেরে আরএসএস নেতা-সহ পরিবারের ৩ সদস্যকে গুলি করে খুন! সোমবার সকালে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের সাদতগঞ্জের নয়াবস্তা এলাকায়। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে পুলিশের তরফে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির সামনে মন্দিরের কাছে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে প্ররিবেশি ঋষভ শুক্লার সঙ্গে তর্ক হয় আরএসএস নেতা শিবাজি তিওয়ারির। সেখানে ছিলেন ঋষভের ভাই শিবেন্দ্র ও সুয়াশ। অশান্তি চরমে উঠলে ঋষভ বাড়িতে গিয়ে পিস্তল নিয়ে এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবাজি ও সুয়াশের। শিবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিল ফরেনসিক দলও। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ঋষভকে। জানা গিয়েছে, অভিযুক্ত ঋষভ নৌসেনার জওয়ান। পুলিশের দাবি অনুযায়ী, শিবাজির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ঋষভদের। গাড়ি পার্ক করা নিয়ে সামান্য অশান্তির ঘটনা সেই বিবাদকে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ দেয়। অভিযুক্ত ঋষভের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে আরএসএস নেতার মৃত্যুতে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এই আশঙ্কায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। জেসিপি ক্রাইম অপর্ণাও ঘটনাস্থলে পৌঁছেছেন। ডিসিপি পশ্চিম জিতেন্দ্র শ্রীবাস্তব, বাজারখালা এসিপি রঞ্জিত কুমার-সহ সাদাতগঞ্জ, বাজারখালা এবং তালকাটোরা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। জানা গিয়েছে, প্রয়াত শিবাজি আরএসএস নেতা এবং লখনউ পশ্চিমের সহ-জেলা কর্মকর্তা ছিলেন। পাশাপাশি তিনি বিদ্যুৎ দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান