Sunday, September 20, 2026
বাড়ি জাতীয় সাংবাদিক পায়েল মেহতা প্রয়াত, সংবাদ জগতে শোকের আবহ

সাংবাদিক পায়েল মেহতা প্রয়াত, সংবাদ জগতে শোকের আবহ

সাংবাদিক পায়েল মেহতা প্রয়াত, সংবাদ জগতে শোকের আবহ

মুম্বই ও নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): সাংবাদিক পায়েল মেহতা প্রয়াত। দু'সপ্তাহ আগে পায়েলের বাবা গত হয়েছেন। রবিবার ভোরে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পায়েল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিকতা মহলে।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে হঠাৎই অসুস্থ বোধ করেন পায়েল। রাত প্রায় দুটো নাগাদ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানান, চিকিৎসা শুরুর আগেই তাঁর নাড়ির স্পন্দন থেমে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে আশঙ্কা করা হচ্ছে।

পায়েল মেহতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যম এক্স-এ একটি বার্তায় তিনি লেখেন, পায়েল ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী সাংবাদিক, যিনি মাটির কাছাকাছি থেকে কাজ করতেন এবং জাতীয় নানা বিষয়ে তাঁর গভীর বোঝাপড়া সংবাদ পরিবেশনায় ফুটে উঠত। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, কাজের পাশাপাশি তাঁর আন্তরিকতা ও অমায়িক ব্যবহারের জন্যও তিনি সকলের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবেন। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পায়েলের সংসদীয় সাংবাদিকতার নিষ্ঠার কথা স্মরণ করে তিনি জানান, পায়েল মেহতা অত্যন্ত দায়বদ্ধতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতেন। তাঁর অকাল প্রয়াণ সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha