Sunday, September 20, 2026
বাড়ি জাতীয় মর্মান্তিক! মুম্বইয়ে গণেশ পুজো মণ্ডপের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৮ বছরের শিশুর

মর্মান্তিক! মুম্বইয়ে গণেশ পুজো মণ্ডপের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৮ বছরের শিশুর

মর্মান্তিক! মুম্বইয়ে গণেশ পুজো মণ্ডপের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৮ বছরের শিশুর

মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.): গণেশোৎসবের আবহে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুম্বই। মুম্বইয়ের কালাচৌকি মহাগণপতি মণ্ডপের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল আট বছর বয়সি এক শিশুকন্যা। এই ঘটনায় আরও দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে জানা গেছে। মণ্ডপ চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং উদ্যোক্তাদের চরম গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছে শোকাহত পরিবার।

মৃত শিশুর আত্মীয় কিসমতী যাদব ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, রবিবার ভোররাত দুটো নাগাদ তাঁরা ঠাকুর দেখার লাইনে দাঁড়িয়েছিলেন। প্রায় চল্লিশ মিনিট পর, অর্থাৎ রাত দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি বলেন, "মণ্ডপে প্রচণ্ড ভিড় দেখে আমরা শেষপর্যন্ত বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। লাইন ছেড়ে একপাশে সরে আসার সময় মণ্ডপের কাছে কিছু দোকান চোখে পড়ে। ভিড় কিছুটা কমলে বের হব ভেবে আমরা ওখানেই অপেক্ষা করছিলাম এবং দর্শনের আশা ছেড়ে দিই।"

তিনি আরও অভিযোগ করেন, যেখানে ভক্তদের লাইন ছিল, ঠিক মণ্ডপের পাশেই একটি বৈদ্যুতিক বাতির কাঠামো বা লাইট ফিক্সচার বসানো হয়েছিল। সেখানে কোনও সুরক্ষাব্যবস্থা রাখা হয়নি। কিসমতী যাদবের কথায়, "আয়োজকদের নিরাপত্তার বিষয়টি দেখা উচিত ছিল। ওই একই জায়গায় আমার নিজের দুই সন্তানও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এই গোটা ঘটনার জন্য পুজো কমিটির চরম গাফিলতিই দায়ী। এখন আর কারও কাছে কোনও দাবি জানিয়ে কী লাভ হবে?"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha