নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার নিঃশব্দে দুই হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বসানোর পথ প্রশস্ত করছে। তিনি বলেন, যদিও এই ধরনের লেনদেন মোট লেনদেনের মাত্র পাঁচ শতাংশ, তবে মোট লেনদেনের মূল্যের প্রায় ৬৫ শতাংশ।
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী জানান, সরকার দাবি করেছে ইউপিআই পেমেন্টে গ্রাহকদের কাছ থেকে কোনও মাশুল নেওয়া হবে না। কিন্তু দোকানদারদের ওপর যদি মাশুল চাপানো হয়, তবে শেষ পর্যন্ত তার বোঝা কার ওপর গিয়ে পড়বে? এই খরচ পণ্য ও পরিষেবার মূল্যের সঙ্গে যুক্ত করা হতে পারে এবং শেষ পর্যন্ত তা গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, মার্কিন পেমেন্ট কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ভারতের এই 'শূন্য এমডিআর' নীতির বিরোধিতা করে আসছে। আর সরকার এখন সেই পথেই নীতি পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে। সরকারের এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে রাহুল বলেন, ইউপিআই বিনামূল্যে রাখার বর্তমান ব্যবস্থার এই পরিবর্তন ছোট-বড় ব্যবসায়ী এবং উপভোক্তা— উভয়ের ওপরই পড়তে পারে। যদিও, বর্তমানে দুই হাজার টাকার বেশি মূল্যের সমস্ত ব্যবসায়িক ইউপিআই লেনদেনের উপর এমডিআর আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, অর্থ মন্ত্রক স্পষ্ট করেছে, গ্রাহকদের কাছ থেকে দু' হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনও মাশুল নেওয়া যাবে না। সরকারের এই সিদ্ধান্তের পরই জল্পনা শুরু হয়েছে যে দু' হাজার টাকার বেশি লেনদেনকে সম্ভাব্য এমডিআর-এর আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান