Monday, August 31, 2026
বাড়ি জাতীয় চিপ উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে সেমিকন ২.০ প্রকল্পের ঘোষণা কেন্দ্রের

চিপ উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে সেমিকন ২.০ প্রকল্পের ঘোষণা কেন্দ্রের

চিপ উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে সেমিকন ২.০ প্রকল্পের ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): দেশে চিপ উৎপাদন ব্যবস্থা বা ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সোমবার ১.২৭ লক্ষ কোটি টাকা ব্যয়ের ‘সেমিকন ২.০’ প্রকল্পের ঘোষণা করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এর ফলে আগামী বছরগুলিতে বিশ্ব সেমিকন্ডাক্টর বাজারের প্রায় ১০ শতাংশ ভারতের দখলে আসতে পারে এবং বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

অশ্বিনী বৈষ্ণব আরও জানান, ওয়েফার ফ্যাব্রিকেশন থেকে শুরু করে চিপ উৎপাদন—পুরো প্রক্রিয়ায় ভারতকে বিশ্ব সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ‘সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম ২.০’-এর ছয়টি স্তম্ভ বা ক্ষেত্রের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর তিনি উল্লেখ করেন, বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের অংশীজনদের মধ্যে এই বিশ্বাস গড়ে উঠেছে যে, আগামী দশকগুলিতে বড় ধরনের বিনিয়োগের জন্য ভারতই সঠিক গন্তব্য। মন্ত্রী অশ্বিনী বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ‘সেমিকন ১.০’-এর আওতায় প্রকল্পগুলোর অনুমোদন থেকে শুরু করে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর যে দ্রুতগতি দেখা গেছে, তা সংশ্লিষ্ট শিল্পমহলের বিশেষ নজর কেড়েছে।

এছাড়া অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতের দক্ষ জনশক্তি, নীতিগত নিশ্চয়তা এবং কাজের অনুকূল পরিবেশ—এই বিষয়গুলো সেমিকন্ডাক্টর উৎপাদন ও ডিজাইনের কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তোলার ক্ষেত্রে শিল্পমহলের আগ্রহ বৃদ্ধিতে সহায়তা করেছে। তিনি আরও বলেন, দেশের লক্ষ্য হলো বিশ্ব সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) একটি অপরিহার্য অংশে পরিণত হওয়া, যাতে উৎপাদন ও ডিজাইনের জন্য বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ভারতের ওপর আরও বেশি করে নির্ভর করে। বৈষ্ণব জোর দিয়ে বলেন, দেশে এই সামগ্রিক ইকোসিস্টেম গড়ে তোলা আগামী ৫০ বছর ধরে ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha