অমৃতসর, ৩০ আগস্ট (হি. স.) : অমৃতসর বিমানবন্দরে রবিবার সকালে স্পাইসজেটের একটি আন্তর্জাতিক বিমানের চরম বিলম্বিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অমৃতসর থেকে দুবাইগামী ওই বিমানটি প্রায় ১৮ ঘণ্টা দেরি করায় বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ক্ষুব্ধ যাত্রীদের টিকিটিং কাউন্টারে বিমানসংস্থার কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় এবং তাঁরা স্পাইসজেটের বিরুদ্ধে স্লোগানও তোলেন।
যাত্রীদের বক্তব্য অনুযায়ী, বিমানটির নির্ধারিত ছাড়ার সময় ছিল সকাল ৮টা ৪০ মিনিট। কিন্তু নির্দিষ্ট সময়ে বিমান না পৌঁছানোয় প্রথমে সূচি বদলে সকাল ১১টা করা হয়। এর পর যাত্রীদের জানানো হয় যে, বিমানটি রাত আনুমানিক ২টো ৩০ মিনিটে রওনা হতে পারে। যদিও যাত্রীদের অভিযোগ, এই নতুন সময়সূচি নিয়েও বিমানসংস্থার তরফে কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া হয়নি। টানা অনিশ্চয়তার কারণে অনেক যাত্রী তাঁদের ছোট ছোট শিশুদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরেই অপেক্ষা করতে বাধ্য হন। এই ফ্লাইট বিভ্রাটের কারণে প্রায় ৩০০ জন যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ মহিলা এবং ৬০ শতাংশ পুরুষ যাত্রী ছিলেন।
যাত্রীরা আরও জানান যে, স্পাইসজেটের কাছে সাময়িক ভাবে থাকার জন্য হোটেল বা বিকল্প ঘরের ব্যবস্থার দাবি জানানো হয়েছিল, কিন্তু বিমানসংস্থার পক্ষ থেকে কোনো সঠিক ব্যবস্থা করা হয়নি। বহু যাত্রীর আত্মীয়স্বজনরা তাঁদের বিদায় জানাতে বিমানবন্দরে এসে চরম সমস্যায় পড়েন, কারণ ফ্লাইটের সঠিক সময়সূচি নিয়ে কর্তৃপক্ষের কোনো স্পষ্ট ধারণা ছিল না। যাত্রীদের অভিযোগ, বিমানসংস্থাটি ফ্লাইট বিলম্বের কোনো স্পষ্ট ও যুক্তিঙ্গত কারণ ব্যাখ্যা করেনি। পাশাপাশি রিফান্ড (টাকা ফেরত), বিকল্প টিকিটের ব্যবস্থা বা থাকার সুবিধার বিষয়েও তাঁদের কিছুই স্পষ্ট করা হয়নি।
ক্ষুব্ধ যাত্রীদের দাবি, অবিলম্বে বিমান বিলম্বের প্রকৃত কারণ প্রকাশ করতে হবে এবং অসামরিক বিমান পরিবহন নিয়মাবলী মেনে রিফান্ড বা বিকল্প যাত্রার ব্যবস্থার পাশাপাশি জরুরি প্রাথমিক পরিষেবাগুলি প্রদান করতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান