নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল (৪৪৪ কিলোমিটার) দূরে বঙ্গোপসাগরে শনিবার পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে গেল। জাহাজটিতে ২৪ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চিনের, তিন জন মায়ানমারের এবং এক জন বাংলাদেশের নাগরিক। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এখনও পর্যন্ত দু’জনকে নিরাপদে উদ্ধার করেছে। বাকি ২২ জনের সন্ধানে তল্লাশি চলছে।
পারাদ্বীপ বন্দর থেকে ১,৭০০ টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল জাহাজটি। ২০ আগস্ট রাতে যাত্রা শুরু করার পর সমুদ্রে এগিয়ে যাওয়ার সময় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী যৌথ ভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। শ্রী বিজয়পুরম (পূর্বতন পোর্ট ব্লেয়ার) থেকে দু’টি জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। আশপাশে থাকা অন্য জাহাজগুলিকেও সতর্ক করা হয়েছে।
কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ‘এক্স’-এ জানান, ঘটনায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন। সমস্ত সংস্থা সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছে। দু’জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন অলেখা চরণ সাহু সাংবাদিকদের বলেন, জাহাজে থাকা প্রত্যেকের নিরাপত্তার বিষয়ে তাঁরা আশাবাদী। তবে জাহাজটি কী কারণে ডুবে গেল, তা এখনও জানা যায়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান