শিলিগুড়ি, ২২ আগস্ট (হি.স.): শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক-এর সুরক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত রক্ষী বাহিনী, এসএসবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য সরকারের আধিকারিকদের মধ্যে সমন্বয় ও সীমান্ত সুরক্ষা নিয়েই মূলত আলোচনা হয় এই বৈঠকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, "শনিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের পাহাড়ি এলাকার বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত বৈঠকে পাহাড়ি জনগোষ্ঠীর যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়; পাশাপাশি তাঁদের পরিচিতি, স্থায়ী রাজনৈতিক সমাধান এবং ভারতের সংবিধানের আওতায় স্বীকৃতির দাবিগুলি নিয়েও আলোচনা করা হয়।" স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সংবিধানের আওতায় শীঘ্রই একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এই সম্প্রদায়ের অন্যান্য সব দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করারও আশ্বাস দিয়েছেন এবং বলেছেন, কেন্দ্রের পর্যাপ্ত অর্থ বরাদ্দের মাধ্যমে অমীমাংসিত সব বিষয় সুরাহা করা নিশ্চিত করা হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান