Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় সংসদে আলোচনা এড়িয়ে গণতান্ত্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে কংগ্রেস: নিতিন নবীন

সংসদে আলোচনা এড়িয়ে গণতান্ত্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে কংগ্রেস: নিতিন নবীন

সংসদে আলোচনা এড়িয়ে গণতান্ত্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে কংগ্রেস: নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে সংসদে আলোচনা এড়িয়ে যাওয়া এবং বারবার নিজেদের অবস্থান বদলের অভিযোগ তুলল বিজেপি। বুধবার এক বিবৃতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, সংসদ গণতন্ত্রের পবিত্র মন্দির। সেখানে দেশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে অর্থবহ আলোচনা থেকেই দেশের ভবিষ্যতের দিশা ঠিক হয়। কিন্তু এবারের বাদল অধিবেশনে দায়িত্বজ্ঞানহীন কংগ্রেস আলোচনা থেকে বারবার সরে গিয়ে এবং নিজেদের ‘গোলপোস্ট’ বদলে দেশের গণতান্ত্রিক মর্যাদা ও গরিমাকে ক্ষুণ্ণ করেছে।

নীতিন নবীন বলেন, গোটা অধিবেশন প্রায় শেষ হয়ে এলেও রাহুল গান্ধী এবং বিরোধীরা কোনও একটি বিষয় নিয়েও গঠনমূলক আলোচনায় রাজি হয়নি। প্রথমে তাঁরা যুব সমাজের বিষয় নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন। সরকার সেই আলোচনায় প্রস্তুত হওয়ার পরই কংগ্রেস এবং ইন্ডি জোট আলোচনা করতে চাইছে না বলে পিছিয়ে যায়।

বিজেপি সভাপতি বলেন, সরকার প্রতিটি বিষয়েই আলোচনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু বিরোধীরা বারবার মানুষের সমস্যাগুলি থেকে সরে গিয়েছে। তাঁর প্রশ্ন, বিরোধীরা আলোচনা থেকে কেন পালাচ্ছিল? তাঁর দাবি, এতে স্পষ্ট যে বিরোধীরা নিজেদের তোলা বিষয়গুলি নিয়েও আন্তরিক বা যথেষ্ট গুরুত্বশীল নয়।

তিনি বলেন, এবারের অধিবেশন ছিল বহু নতুন সাংসদের প্রথম সংসদীয় অধিবেশন। অথচ বিরোধীরা শুধু হইচই করে তাঁদের সামনে গণতন্ত্রের একটি অত্যন্ত লজ্জাজনক ছবি তুলে ধরেছে। বিরোধীদের অনড় অবস্থানের কারণে দেশ প্রশ্নোত্তর পর্ব থেকেও বঞ্চিত হয়েছে এবং সংসদে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যায়নি বলে তাঁর অভিযোগ।

রাহুল গান্ধীকে নিশানা করে নীতিন নবীন বলেন, ভারতে বিরোধী দলনেতার পদ বরাবরই উচ্চ সাংবিধানিক মর্যাদা বহন করে এসেছে। কিন্তু রাহুল গান্ধী বারবার অমর্যাদাকর ভাষা, অহংকার এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের মাধ্যমে শুধু ওই পদকেই কলঙ্কিত করেননি, সংসদের মর্যাদা ও গরিমাও ক্ষুণ্ণ করেছেন।

নীতিন নবীনের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বক্তব্য রাখলে তাঁদের ‘মিথ্যা’ ভেঙে পড়বে—এই আশঙ্কাতেই রাহুল গান্ধী, কংগ্রেস এবং ইন্ডি জোট আলোচনা থেকে সরে গিয়েছে। তাঁর কথায়, স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে তথ্য-প্রমাণের ভিত্তিতে বক্তব্য রাখেন, তখন তাঁর যুক্তির সামনে বিরোধীদের বক্তব্য টেকে না। সেই কারণেই বিরোধীরা গোটা অধিবেশনজুড়ে বারবার বিষয় বদলেছে এবং আলোচনা এড়িয়ে গিয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha