ভোপাল, ১২ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের অমাবস্যায় বুধবার আকাশে দেখা যাবে বছরের অন্যতম উল্লেখযোগ্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বিরল মহাজাগতিক ঘটনায় বিশ্বের কয়েকটি অঞ্চলে দিনের আকাশেই কিছু সময়ের জন্য রাতের মতো অন্ধকার নেমে আসবে। তবে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
মধ্যপ্রদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞান প্রচারক সারিকা ঘারু জানিয়েছেন, ইউরোপের জন্য এই সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ২৭ বছর পর ইউরোপের বিস্তীর্ণ এলাকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এর আগে ১৯৯৯ সালে ইউরোপে এমন দৃশ্য দেখা গিয়েছিল।
ভারতীয় সময় অনুযায়ী, ১২ আগস্ট রাত ৯টা ৪ মিনিটে গ্রহণ শুরু হবে। মধ্যরাত পেরিয়ে ১৩ আগস্ট রাত ১টা ২৭ মিনিটে তা শেষ হবে। ফলে গোটা গ্রহণের সময়ই ভারতে রাত থাকবে। সূর্য দিগন্তের নীচে থাকায় দেশের কোনও প্রান্ত থেকেই এই গ্রহণ দেখা সম্ভব হবে না।
চাঁদের ছায়া এ সময় পৃথিবীর বিস্তীর্ণ অংশের উপর পড়বে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল পথ উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং পর্তুগালের উপর দিয়ে যাবে। ফলে ওই সব অঞ্চলে দিনের বেলাতেই কিছু সময়ের জন্য রাতের মতো অন্ধকার নেমে আসবে। ইউরোপের বিস্তীর্ণ এলাকা ছাড়াও কানাডা এবং উত্তর আমেরিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
গ্রহণ নিয়ে প্রচলিত কুসংস্কার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সারিকা। তাঁর বক্তব্য, এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক একটি মহাজাগতিক ঘটনা। বিশ্বের প্রায় ১২ শতাংশ মানুষ সরাসরি এই গ্রহণ দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি।
ভারতে বসে গ্রহণটি দেখতে আগ্রহী মহাকাশপ্রেমীরা নাসা-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের অনলাইন লাইভ স্ট্রিমের সাহায্য নিতে পারেন।
সারিকা জানিয়েছেন, এর ১৫ দিন পর, ২৮ আগস্ট আংশিক চন্দ্রগ্রহণ হবে। সেটিও ভারত থেকে দেখা যাবে না। ভারত থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০২৭ সালের ২ আগস্ট পর্যন্ত। সেদিন দেশের বিভিন্ন জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
২৭ বছর পর ইউরোপে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনের আকাশে নামবে অন্ধকার; দেখা যাবে না দেখা ভারত থেকে
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান