নয়াদিল্লি, ৪ আগস্ট (হি. স.): ই-২০ জ্বালানি নীতির বিরোধিতায় মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের উদ্দেশে মিছিল করে আম আদমি পার্টি (আপ)। দলের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন মণীশ সিসোদিয়া, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, দিল্লি আপ সভাপতি সৌরভ ভরদ্বাজ-সহ বহু নেতা-কর্মী।
মিছিল চলাকালীন কেজরিওয়াল দাবি করেন, ই-২০ পেট্রোল নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। তিনি জানান, এই নীতির বিরুদ্ধে ২.৩ লক্ষেরও বেশি মানুষের স্বাক্ষর-সম্বলিত আবেদনপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল। তাঁর দাবি, সাধারণ মানুষের উপর জোর করে ইথানল-ভিত্তিক জ্বালানি চাপিয়ে দেওয়া উচিত নয় এবং কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তবে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোতেই দিল্লি পুলিশ আপ নেতা-কর্মীদের পথ আটকে দেয়। এরপর কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং-সহ দলের শীর্ষ নেতারা ফিরোজ শাহ রোডে অবস্থান-বিক্ষোভ শুরু করেন।
দিল্লি আপ সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, জনগণের স্বাক্ষর-সম্বলিত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি নিরাপত্তাজনিত কোনও সমস্যা থাকে, তাহলে প্রধানমন্ত্রীর দফতরের কোনও প্রতিনিধি এসে আবেদনপত্র গ্রহণ করতে পারেন এবং বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারেন।
অন্যদিকে আপ নেতা অনুরাগ ঢান্ডা অভিযোগ করেন, দেশের কোটি কোটি গাড়ির মালিক ই-২০ নীতি নিয়ে উদ্বিগ্ন হলেও কেন্দ্র সরকার সেই উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না। তাঁর দাবি, ইথানল নীতি নিয়ে সরকার বাইরের চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে এবং এই বিষয়ে জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান