Sunday, August 2, 2026
বাড়ি জাতীয় রামমন্দিরের অনুদানে দুর্নীতির অভিযোগ, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইটি তদন্তের দাবি কংগ্রেসের

রামমন্দিরের অনুদানে দুর্নীতির অভিযোগ, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইটি তদন্তের দাবি কংগ্রেসের

রামমন্দিরের অনুদানে দুর্নীতির অভিযোগ, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইটি তদন্তের দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : অযোধ্যার রামমন্দির নির্মাণ এবং ভক্তদের অনুদান ব্যবহারে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের দাবি জানাল কংগ্রেস। দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারির অভিযোগ, মন্দির নির্মাণের সময় আর্থিক অনিয়ম হয়েছে। সোনা-রুপো গলিয়ে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়েছে। তাঁর দাবি, এটি কোটি কোটি ভক্তের ধর্মীয় অনুভূতির সঙ্গে প্রতারণার সামিল।

রবিবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠকে প্রমোদ তিওয়ারি বলেন, শুধু অনুদানের অর্থ নয়, শিলান্যাসের সময় থেকেই নির্মাণ প্রক্রিয়ায় অনিয়ম শুরু হয়েছিল। তাঁর অভিযোগ, বিজেপি দীর্ঘদিন ধরে রামমন্দিরকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করেছে, যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই মন্দির নির্মাণের পথ সুগম হয়।

তিনি আরও দাবি করেন, মন্দির সম্পূর্ণ নির্মাণ শেষ হওয়ার আগেই প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছিল এবং অনুষ্ঠানে শঙ্করাচার্যদের আমন্ত্রণ জানানো হয়নি। তাঁর মতে, ধর্মীয় রীতি অনুযায়ী ওই অনুষ্ঠান তাঁদের উপস্থিতিতেই হওয়া উচিত ছিল।

কংগ্রেস নেতার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যা সফরের প্রস্তুতিতে প্রায় ১১২ কোটি টাকা খরচ হয়েছে। ফুল, চেয়ার-সহ বিভিন্ন সামগ্রী বাজারদরের তুলনায় বহু গুণ বেশি দামে কেনা হয়েছে বলেও তিনি দাবি করেন।

প্রমোদ তিওয়ারি আরও অভিযোগ করেন, রামমন্দির নির্মাণের সময় সাতটি বড় জমি কেনাবেচায় গুরুতর আর্থিক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, একটি ক্ষেত্রে প্রায় ২ কোটি টাকায় কেনা জমি মাত্র ১০ মিনিটের মধ্যে ১৮ কোটি টাকায় বিক্রি করা হয়। এই ধরনের লেনদেনের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তাঁর অভিযোগ, রামমন্দিরের অনুদান সংক্রান্ত বিতর্ককে চাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তবে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইটি গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha