নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে দেশের সাফল্যের গল্প তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “২০২৬ সালের প্রথমার্ধ শেষ হতে চলেছে। গত ছয় মাস ধরে আমরা ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমাদের দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করেছি। জুন মাসেও দেশ এমন কিছু সাফল্য অর্জন করেছে যা প্রতিটি নাগরিককে গর্বিত করে তোলে। এই সাফল্যগুলো দেশের নিরাপত্তা ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি কলকাতায় নৌবাহিনী সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল আমার। সেখানে ভারতীয় নৌবাহিনীর বহরে আইএনএস দোনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর নকশা থেকে শুরু করে নির্মাণ—সবকিছুই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।”
প্রধানমন্ত্রী বলেন, “জুন মাসেই দেশ বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। ‘মেড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি সি-২৯৫ বিমান নিজের প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের ৪০টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। এটি এমএসএমই ও মহাকাশ-প্রতিরক্ষা (অ্যারোস্পেস) সেক্টরকে নতুন গতি জোগাচ্ছে, কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে এবং ‘আত্মনির্ভর ভারত’-এর সংকল্পকে আরও শক্তিশালী করছে।” প্রধানমন্ত্রী যোগ করেছেন, “এই মাসে ডিআরডিও সফলভাবে একটি দেশীয় ‘লং-রেঞ্জ ল্যান্ড-অ্যাটাক ক্রুজ মিসাইল’-এর পরীক্ষাও চালিয়েছে। এটি ডিআরডিও-র গবেষণাগার এবং ভারতের শিল্প-অংশীদারদের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে; অর্থাৎ, সমুদ্র থেকে আকাশ—সর্বত্রই আমাদের ভারত ক্রমশ আরও বেশি সুরক্ষিত ও স্বনির্ভর হয়ে উঠছে।”

