চেন্নাই, ৩ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ইসরায়েল–ইরান সংঘাতের আবহে দুবাইয়ে আটকে পড়া ২১৭ জন ভারতীয় নাগরিক মঙ্গলবার ভোরে একটি বিশেষ উড়ানে চেন্নাইয়ে পৌঁছেছেন। চেন্নাই বিমানবন্দরে পৌঁছনোর পর যাত্রীদের পরিবার তাঁদের স্বাগত জানান।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পরিস্থিতির প্রেক্ষিতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। সেই অনুযায়ী দুবাই থেকে বিশেষ বিমানে যাত্রীদের দেশে আনা হয়।
সংঘাতের আবহে পশ্চিম এশিয়ার একাধিক দেশে বিমান পরিষেবা আংশিক বা সম্পূর্ণভাবে স্থগিত রয়েছে। এর জেরে বহু ভারতীয় বিভিন্ন উপসাগরীয় দেশে আটকে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিশেষ উড়ান পরিচালনার ব্যবস্থা করেছে।
এছাড়া ইন্ডিগো সৌদি আরবের জেড্ডা থেকে ভারতের বিভিন্ন শহরে ১০টি বিশেষ উড়ান পরিচালনার ঘোষণা করেছে। একই সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কট রুটে পরিষেবা পুনরায় চালু করেছে।
তবে বর্তমান পরিস্থিতির কারণে বাহরিন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি রুটে এয়ার ইন্ডিয়ার নিয়মিত পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

