Wednesday, August 26, 2026
বাড়ি জাতীয় সাংবাদিক বৈঠকে প্রবেশাধিকার মহিলাদেরও, বিতর্কের মধ্যে ‘ড্যামেজ কন্ট্রোল’ তালিবান বিদেশমন্ত্রীর

সাংবাদিক বৈঠকে প্রবেশাধিকার মহিলাদেরও, বিতর্কের মধ্যে ‘ড্যামেজ কন্ট্রোল’ তালিবান বিদেশমন্ত্রীর

সাংবাদিক বৈঠকে প্রবেশাধিকার মহিলাদেরও, বিতর্কের মধ্যে ‘ড্যামেজ কন্ট্রোল’ তালিবান বিদেশমন্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ অক্টোবর : তাঁর ভারত সফর ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সেই তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির আগ্রা সফর আচমকাই বাতিল হয়ে গেল। তার পরিবর্তে রবিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করবেন মুত্তাকি। ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে এবার সেখানে মহিলা সাংবাদিকদেরও প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুক্রবার মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার মেলেনি। সেই নিয়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছে।
রবিবার তাজমহল-সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার কথা ছিল মুত্তাকির। কিন্তু সফরের কয়েকঘণ্টা আগেই সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। কেন আচমকা মুত্তাকির আগ্রা সফর বাতিল হল, সেই নিয়ে স্পষ্টভাবে কোনও পক্ষের তরফে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, মুত্তাকিকে স্বাগত জানাতে যাওয়া মৌলবির স্ত্রী এবং সন্তানদের খুন করা হয়েছে উত্তরপ্রদেশে। তার পরের দিনই বাতিল হল তালিবান বিদেশমন্ত্রীর আগ্রা সফর।

আগ্রা সফর বাতিল হওয়ার পরই তড়িঘড়ি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তালিবান। রবিবারের সেই সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, শুক্রবার মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার না দেওয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। এত বড় বৈষম্যমূলক ঘটনা ভারত সরকারের নাকের ডগায় ঘটে গেল অথচ নয়াদিল্লি প্রতিবাদ করল না, এহেন অভিযোগ তুলে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারও কি তালিবানি মানসিকতাকে সমর্থন করে?

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha