স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ সেপ্টেম্বর ।। দেশের প্রধানমন্ত্রী তিনি। বকলমে শাসকদল বিজেপিরও সর্বময়কর্তা। ফলে ভিভিআইপি বললেও বড় কম বলা হয় তাঁকে। এহেন নরেন্দ্র মোদি কি না দলীয় কর্মশালায় বসলেন পিছনের সারিতে! উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে দিল্লিতে দু’দিনের কর্মশালা চলছে বিজেপির। যেখানে উপস্থিত রয়েছেন বিজেপি সব সাংসদরা। রবিবার সেই বৈঠকেই দেখা গেল বেনজির দৃশ্য। সব সাংসদদের পিছনে বসে দেশের প্রধানমন্ত্রী মোদি। যে ছবি রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়।
রবিবার সকালে বিজেপির এই কর্মশালার শুরুতেই জিএসটি সংশোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদরা। এরপর, সেখানে উপস্থিত সমস্ত সাংসদের উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হয়। এই সময়েই দেখা যায়, তাঁর জন্য বরাদ্দ সামনের সারির ভিভিআইপি আসন ছেড়ে তিনি গিয়ে চসেছেন একেবারে পিছনের সারিতে। এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সাংসদ রবি কিষাণ। ক্যাপশনে তিনি লেখেন, ‘সাংসদদের কর্মশালায় একেবারে শেষ সারিতে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটাই বিজেপি। এখানে সবাই কর্মী।’ তাঁর সেই পোস্টের নানা ধরনের মন্তব্য সামনে এসেছে, যেখানে কেউ তাঁর প্রশংসা করেছেন তো কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে।
জানা গিয়েছে, রবিবার বিজেপির এই দলীয় কর্মশালায় আইন প্রণয়ন দক্ষতা, শাসন কৌশল এবং রাজনৈতিক যোগাযোগের উপর আলোকপাত করা হয়। পাশাপাশি শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া ও বিরোধীদের রুখতে দলের রণকৌশল নিয়ে আলোচনা করেন। তবে তার পাশাপাশি উপরাষ্ট্রপতি নির্বাচন ও ভোটাভুটি বিষয়ে দীর্ঘ আলোচনা হয় এদিন।

