স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ ডিসেম্বর; পোল্যান্ডের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল উইস্লো কুকুলা ধারণা প্রকাশ করে বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রায় তিন মিনিটের জন্য তাদের দেশের আকাশসীমায় ঢুকে আবার ইউক্রেইনের দিকে ফিরে গেছে।শুক্রবার সকালের দিকে পোলিশ আকাশসীমার প্রায় ৪০ কিলোমিটার ভেতর দিয়ে ক্ষেপণাস্ত্রটি উড়ে গেছে।ইউক্রেইন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত রাশিয়ার চালানো সবচেয়ে বড় হামলার একই দিনে ঘটেছে পোল্যান্ডের ভেতর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার এ ঘটনা।
ক্ষেপণাস্ত্রটি রাডারে ধরা পড়ার পর পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদা জরুরি বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে বিবিসি।প্রায় ২০০ পুলিশ কর্মকর্তা ওই এলাকা তল্লাশি করছে যেখানে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হয়েছে। পোলিশ ভূখণ্ডে সেটি পড়েছে কিনা তা দেখতেই চালানো হয় এ অনুসন্ধান।পোল্যান্ড নেটো জোটের সদস্যদেশ। ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ঘটনায় পোলিশ এবং সদস্যদেশের বিমানগুলো স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টার দিকে আকাশে চক্কর দিয়েছে। বিস্ফোরণের কোনও খবর পাওয়া যায়নি।
অপারেশনাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গোরিসজুইস্কি বলেছেন, একটি বস্তু সীমান্তের কাছে ইউক্রেইন থেকে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের জামোস্ক শহরের কাছ ঘেঁষে পোল্যান্ডে ঢুকেছিল।টিভিএন২৪ সম্প্রচারমাধ্যমে তিনি বলেন, এ ঘটনা ইউক্রেইনের সবচেয়ে বড় বড় নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সঙ্গে সম্পৃক্ত হতে পারে।পোলিশ সামরিক বাহিনী রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রর পথ পরিক্রমা নজরে রাখছে। নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, এই জোট পোল্যান্ডের সঙ্গে একাত্মতা পোষণ করছে এবং সতর্ক রয়েছে।

