স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৪ : ভোট ভরাডুবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরম কটাক্ষ ইরানের। তাঁকে ‘বিপজ্জনক বর্জ্য’ বলে আখ্যা দিল তেহরান। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে একটি ব্যাঙ্গাত্মক ভিডিও বানিয়ে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় মুখর হল তারা।
বুধবার আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশিত হয়। প্রথম থেকেই এগিয়ে থাকেন বিরোধী ডেমোক্র্যাটরা। সময় যত এগোয় রিপাবলিকানদের সঙ্গে ব্যবধান আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত পর্যদুস্ত হয় ট্রাম্পের দল। এরপরই ভারতের ইরানি দূতাবাস তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে ক্লান্ত-বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। তিনি কার্যত অচেতন। সেই অবস্থায় হোয়াইট হাউসের চারজন নিরাপত্তাকর্মী তাঁকে কাঁধে করে বহন করে বাইরে একটি ডাস্টবিনে ফেলে দেন। সেই ডাস্টবিনের গায়ে লেখা ‘বিপজ্জনক বর্জ্য’। এআই নির্মিত ভিডিওটির ক্যাপশন লেখা ছিল ‘আমেরিকার মধ্যবর্তী নির্বাচন’।
প্রসঙ্গত, এত দিন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন। ডেমোক্র্যাটদের দখলে ছিল ২১৪টি আসন। অন্যদিকে, সেনেটে ডেমোক্র্যাট শিবিরের ছিল ৪৭টি এবং রিপাবলিকানদের হাতে ছিল ৫৩টি আসন। শেষ খবর পাওয়া অনুযায়ী, ১০০ আসনের সেনেটে ৫৩টিতে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা, ৪১টিতে রিপাবলিকানরা। অন্যদিকে, ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে ২০৭টি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা আর ১২৩টিতে এগিয়ে ট্রাম্পের দল। ইতিমধ্যে অধিকাংশ আসনে চূড়ান্ত ফলাফল এসে গিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান