স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৬ অক্টোবর : তাঁর পরিচয়, তিনি রাজপরিবারের বধূ। কিন্তু সেই ‘রাজকন্যা’কেই দেখা গেল, পথের ধারে পড়ে রয়েছেন একেবারে ভিখারির দশায়। বছরতিনেকের শিশুটির দিকেও খেয়াল নেই! রীতিমতো হইচই পড়ে যায় গোটা ঘটনায়। রাজপরিবারের ‘কেচ্ছা’ পৌঁছে যায় আদালতেও। দীর্ঘ শুনানির পর এবার ওই বধূর সাজা ঘোষণা হয়েছে।
গত জুন মাসে লন্ডনের এক রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই মহিলাকে। তাঁর শিশুপুত্রটি খালি পায়ে ওই ফুটপাথেই খেলে বেড়াচ্ছিল। মহিলার অদূরে এক ব্যক্তিকেও বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশে খবর দেন। বেহুঁশ অবস্থাতেই ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে জ্ঞান ফেরার পর জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মহিলার নাম মাহরাহ আল নাহিয়ান। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবির রাজপরিবার আল নাহিয়ানের সদস্যা তিনি। তবে সেটা বিবাহসূত্রে।
৩২ বছর বয়সি মাহরাহ ঠিক কেমনভাবে রাজপরিবারের সঙ্গে যুক্ত, সেই নিয়ে আল নাহিয়ানরা কিছু জানায়নি। তবে আল নাহিয়ান পরিবার বিশ্বের ধনীতম রাজপরিবারগুলির মধ্যে অন্যতম। বিবাহসূত্রে পরিবারের সদস্য হওয়া মাহরাহর জন্য মাসিক ১০ লক্ষ টাকার বেশি হাতখরচ বরাদ্দ রয়েছে। কিন্তু তিনি ভয়ংকরভাবে মাদকে আসক্ত। কোকেন থেকে শুরু করে নানা ধরণের মাদক নিয়মিতভাবে সেবন করেন মাহরাহ। কিন্তু রাজপরিবারের বধূ এইভাবে পথে পড়ে রয়েছেন, সেই দৃশ্য দেখার পর স্বভাবতই মুখ পুড়েছে রাজপরিবারের।
এই ঘটনা রাজপরিবারের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে আদালতে। প্রায় চারমাস ধরে মাহরাহ’র বিচার হয়। তাঁর আইনজীবী জানান, নিজের ভুল বুঝতে পেরেছেন মাহরাহ। তাই এবার থেকে মাদক সেবন বন্ধ করবেন তিনি। আপাতত তিনমাসের জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে রাজপরিবারের বধূকে। তাঁকে ভারতীয় মুদ্রায় প্রায় আট লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত। মাহরাহ জানাচ্ছেন, রিহ্যাব শেষেও তিনি মাদক ছাড়ানোর চিকিৎসা চালিয়ে যাবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান