Thursday, August 6, 2026
বাড়ি বিনোদন এবার রোহিত শেট্টির বাড়িতে এলোপাথাড়ি গুলি?

এবার রোহিত শেট্টির বাড়িতে এলোপাথাড়ি গুলি?

এবার রোহিত শেট্টির বাড়িতে এলোপাথাড়ি গুলি?

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০১ ফেব্রুয়ারি : মুম্বইয়ে বিখ্যাত পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে চলল গুলি। রবিবার ভোর রাতে তাঁর বাড়ির বাইরে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় মুম্বইয়ের জুহুর মতো অভিজাত এলাকায়। ঘটনার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার নেপথ্যে বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মুম্বইয়ের জুহুর বাসিন্দা পরিচালক রোহিত শেট্টি। সেখানকার একটি বহুতলে থাকেন তিনি। রবিবার ভোররাতে তাঁর বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চলে বলে অভিযোগ। খবর পেয়েই ছুটে যান পুলিশ আধিকারিকরা। তৎক্ষণাৎ বাড়ানো হয় নিরাপত্তা। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পরিচালকের ব্যালকনি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে মায়ানগরীতে। তবে গুলিকাণ্ডের সময় পরিচালক বাড়িতে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, তারকাদের বাড়ি-রেস্তরাঁ লক্ষ্য করে গুলির ঘটনা এই প্রথম নয়। ২০২৫ সালের জুলাই মাসে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার নতুন রেস্তোরাঁয় ৯ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। পরে তাতে উঠে আসে বিষ্ণোই গ্যাংয়ের নাম। এর আগে মুম্বইয়ে সলমন খানের গ্যালাক্সির সামনে চলেছে গুলি। একাধিকবার হুমকি ফোন পেয়েছেন তিনি। বলিউডের বাদশা শাহরুখ খানকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এক যুবক।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha