নয়াদিল্লি,
১৮ নভেম্বর
(হি.স.):
১৯৮০ সালে ভোটার তালিকায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম কীভাবে অন্তর্ভুক্ত হয়েছিল,
তা নিয়ে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এফআইআর করার আর্জি শুনল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বুধবার এই মামলায় দিল্লি পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট
(এটিআর)
চেয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনোদ যোশী। আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
বুধবার অভিযোগকারী তথা আইনজীবী বিকাশ ত্রিপাঠী আদালতে ১৯৮০,
১৯৮১ ও ১৯৮৩ সালের যাচাই করা ভোটার তালিকার প্রতিলিপি জমা দেন। এর আগে গত ৬ নভেম্বর আদালত তাঁকে অতিরিক্ত নথি জমা দেওয়ার অনুমতি দিয়েছিল। সেই নথি জমা পড়ার পর মামলাটির নতুন করে শুনানি চলছে।
এর আগে ২১ সেপ্টেম্বর বিশেষ বিচারক বিশাল গোগনে মামলাটি ফের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে নতুন করে বিবেচনা এবং যুক্তিসঙ্গত নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল,
ম্যাজিস্ট্রেট আদালতের আগের নির্দেশে যথেষ্ট যুক্তি ছিল না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সেশনস আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিকাশ ত্রিপাঠী।
এর আগে ১১ সেপ্টেম্বর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া এফআইআর দায়েরের আবেদন খারিজ করে দিয়েছিলেন। সেই আবেদনে অভিযোগ করা হয়েছিল,
সোনিয়া গান্ধীর নাম ১৯৮০ সালেই ভোটার তালিকায় তোলা হয়েছিল,
অথচ তিনি ১৯৮৩ সালে ভারতের নাগরিকত্ব পান।
আবেদনকারীর দাবি,
১৯৮২ সালে ভোটার তালিকা থেকে সোনিয়া গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছিল এবং ১৯৮৩ সালে ফের তা অন্তর্ভুক্ত করা হয়। তাঁর আরও দাবি,
ভারতীয় নাগরিকত্বের জন্য সোনিয়া গান্ধী আবেদন করেছিলেন ১৯৮৩ সালের এপ্রিল মাসে। সেই হিসেবে ১৯৮০ সালে ভোটার তালিকায় নাম তোলার সময় ভুয়ো নথি ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর বক্তব্য,
এই অভিযোগ আমলযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে। তাই সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে।
তবে আগের শুনানিতে ম্যাজিস্ট্রেট আদালত সোনিয়া গান্ধী বা দিল্লি পুলিশ কাউকেই নোটিস পাঠায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছিল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান