Saturday, September 19, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ১৩ বছরের কম শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় কমিশনের

১৩ বছরের কম শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় কমিশনের

১৩ বছরের কম শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় কমিশনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর: শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন বিধিনিষেধ চালুর প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে এবং ১৫ বছর বয়সের আগে কোনও নাবালক নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবে না।

প্রস্তাবিত EU KIDS Act অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। ১৩ থেকে ১৫ বছর বয়সী নাবালকরা শুধুমাত্র বাবা-মা বা অভিভাবকের অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি সীমিত অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে।

এই ধরনের অ্যাকাউন্টে সামাজিক যোগাযোগ এবং স্ক্রিন টাইমের ওপর বিধিনিষেধ থাকবে। স্ক্রিন টাইম দিনে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে সীমিত রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং পরিষেবা, অনলাইন ভিডিও গেম, AI কম্প্যানিয়ন এবং নাবালকদের ব্যবহারের জন্য থাকা চ্যাটবটগুলিকে ‘সেফ বাই ডিজাইন করার কথা বলা হয়েছে।

ইনফিনিট স্ক্রলিং, নির্দিষ্ট ধরনের রিওয়ার্ড ব্যবস্থা এবং ঘুমের সময় পুশ নোটিফিকেশনের মতো আসক্তি তৈরি করতে পারে এমন ফিচারের ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে।

নাবালকদের প্রোফাইল ডিফল্টভাবে প্রাইভেট রাখতে হবে। পাশাপাশি জিওলোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহারের সুবিধা ডিফল্টভাবে বন্ধ রাখার প্রস্তাব রয়েছে।

AI কম্প্যানিয়ন ও চ্যাটবটও নাবালকদের ক্ষেত্রে ডিফল্টভাবে নিষ্ক্রিয় থাকবে। এমনভাবে মানুষের ব্যক্তিগত সম্পর্কের অনুকরণ করা নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে, যা ব্যবহারকারীর মধ্যে আবেগগত নির্ভরতা তৈরি করতে পারে।

অনলাইন পরিষেবা ও অ্যাপ স্টোরগুলিকে বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করতে হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তাদের বয়স যাচাই অ্যাপ ব্যবহার করে পরিচয়পত্র বা বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ না করেও বয়স যাচাই করা সম্ভব হবে।

প্রস্তাবে বড় অনলাইন প্ল্যাটফর্মগুলির ওপর প্রমাণের দায়ও বাড়ানোর কথা বলা হয়েছে। শিশুদের জন্য পরিষেবা নিরাপদএটি পরিষেবা প্রদানকারীদেরই প্রমাণ করতে হবে। সংশ্লিষ্ট পরিষেবা বা ফিচার চালুর আগে স্বাধীন অডিটের জন্য কমপ্লায়েন্স প্ল্যান জমা দেওয়ার প্রস্তাব রয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, প্রস্তাবটির উদ্দেশ্য হলো অভিভাবকদের হাতে আরও নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং প্ল্যাটফর্মগুলিকে শিশুদের জন্য নিরাপদ পরিষেবা নিশ্চিত করতে বাধ্য করা।

প্রস্তাবটি এখন ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের বিবেচনা ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রস্তাব কার্যকর হলে Digital Services Act এবং Artificial Intelligence Act-এর অধীনে বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কোনও কোম্পানির বিশ্বব্যাপী বার্ষিক মোট টার্নওভারের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান থাকতে পারে।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha