Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য সীমান্তের কাঁটাতার ঘেঁষা এক পরিবারের অসহনীয় চিত্র

সীমান্তের কাঁটাতার ঘেঁষা এক পরিবারের অসহনীয় চিত্র

সীমান্তের কাঁটাতার ঘেঁষা এক পরিবারের অসহনীয় চিত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর : চার নাতি-নাতনি! ছেলে জেলে, ছেলের বউ বাড়ি ছেড়ে চলে গেছেন। অভাব অনটন গ্রাস করেছে চার নাতি-নাতনির ঠাকুমাকে। নেই বিদ্যুৎ, নড়বড়ে ঘর। সীমান্তের কাঁটাতার ঘেঁষা এক পরিবারের অসহনীয় চিত্র সোনামুড়ায়। অসহায় দিদার নাম শ্যামলা খাতুনের। সোনামুড়া মহকুমার শুভাপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। প্রায় ২৭ বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি।

 দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে জীবন কাটিয়েছেন। কিন্তু আজ বার্ধক্যের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার কাঁধেই রয়েছে চারটি নিষ্পাপ শিশুর ভরণ পোষণের দায়িত্ব। গত দুই বছর ধরে তার একমাত্র ছেলে খুরশিদ আলম জেলে রয়েছেন। অন্যদিকে, চারটি ছোট শিশুকে রেখে তাদের মা চলে গেছেন বলেও জানা যায়। ফলে চারটি শিশুর মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ গড়ার সমস্ত চিন্তা এখন বৃদ্ধা শ্যামলা খাতুনের। নিজস্ব কোনো ভিটেমাটি নেই তাঁর। ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে রেগার কাজ করে কোনো রকমে সংসার চালাতে হয়।

বসতঘরের অবস্থাও অত্যন্ত করুন। বৃষ্টির দিনে ঘরের ছাদ দিয়ে জল পড়ে। বিদ্যুতের ব্যবস্থাও নেই। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কাটছে চারটি শিশুর ভবিষ্যৎ! তবে প্রশ্ন উঠছে, এভাবেই কি অনিশ্চয়তার মধ্যে বড় হবে চারটি শিশু? তাদের কি সুন্দরভাবে বেঁচে থাকার, বিদ্যালয়ে যাওয়ার, পড়াশোনা করার এবং স্বপ্ন দেখার অধিকার নেই?  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিস্তারিত তুলে ধরেছেন। শ্যামলা খাতুনের নিজের জন্য কোনো বড় চাওয়া নেই। তাঁর একমাত্র স্বপ্ন, চারটি নাতি-নাতনিকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha